দুই শতাধিক পরিবারের মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের অম্বিকাপুর রেল কলোনির ২ শতাধিক পরিবার দুই মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
ফরিদপুর শহরের অম্বিকাপুর রেল কলোনির ২ শতাধিক পরিবার দুই মাস ধরে পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

ফরিদপুর পৌরসভার অম্বিকাপুর রেল কলোনির দুই শতাধিক পরিবার প্রায় দুই মাস ধরে জলাবদ্ধতার শিকার। তাদের ঘরের ভেতর হাঁটু পানি। ঘরে রান্নাবান্না করার সুযোগ নেই। শৌচাগার ডুবে গেছে। পানিবন্দী এসব পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।
অম্বিকাপুর রেলস্টেশনের পূর্বদিকে রেললাইনের পাশে ওই পরিবারগুলোর বাস। কলোনির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার। এখানে গাদাগাদি করে প্রায় এক হাজার মানুষ থাকে। পরিবারের সদস্যরা কেউ রিকশা চালিয়ে, কেউ চায়ের দোকানে, কেউ বা রাজমিস্ত্রির জোগালদার বা তুলার কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে দুই মাস ধরে থেমে থেমে বৃষ্টিতে এই নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতঘরের চৌকি অবধি পানি উঠে গেছে। চৌকির নিচে ইট দিয়ে উঁচু করে কোনো রকমে সেখানে রাত কাটান পরিবারের লোকজন। কলার ভেলায় হাঁড়ি-পাতিল, চাল-ডাল নিয়ে রেললাইনের ধারে গিয়ে রান্নাবান্না করা হয়। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজও চলে ওই রেললাইনের ধারে। আবার রাতের অন্ধকারে সাপ এসে কামড়ে দিতে পারে—এমন ভয় তাঁদের তাড়া করে।
ওই এলাকার বাসিন্দা ফিরোজ খান বলেন, ‘প্রতিবছরই বর্ষার মৌসুমে আমরা পানিবন্দী হয়ে থাকি। এ কয়েক মাসে জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়ে।’
এলাকার অন্তত ১০ জন বাসিন্দা বলেন, পানিসেচের ব্যবস্থা করা জরুরি। অম্বিকাপুর-ভাষাণচর সড়কের নিচ দিয়ে পাইপ বসিয়ে কুমার নদের সঙ্গে সংযোগ ঘটিয়ে স্থায়ীভাবে এই জলাবদ্ধতার সমাধান করা যায়। কিন্তু পাঁচ-ছয় বছরের মধ্যে কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন বলেন, ‘গত বছরও এই এলাকার মানুষ বর্ষাকালে পানিবন্দী হয়ে পড়েছিল। আমরা স্থায়ী সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এই এলাকার পানি বের করার কোনো জায়গা নেই। বৃষ্টি কমলে আমরা পানি সেচের মাধ্যমে এলাকার জলাবদ্ধতার নিরসন করব।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান বলেন, ‘আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।’