
ঘূর্ণিঝড় রোয়ানুতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৮০০ মিটার ভেঙে যাওয়ায় দুটি উপজেলার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তেঁতুলিয়া নদীর তীরে ক্ষতিগ্রস্ত এই বাঁধটি চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার থেকে শুরু করে পশ্চিম চর উমেদ ইউনিয়নের খালগোড়া লঞ্চঘাট পর্যন্ত। এতে দুই উপজেলার দুটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে গত শুক্রবার দেখা যায়, বাঁধ না থাকায় অসংখ্য পথচারী কাদাপানি ভেঙে ও সাঁকো দিয়ে যাতায়াত করছেন। তেঁতুলিয়া নদীর মাঝে জেগে ওঠা চর কচুয়ার বাসিন্দা ও ঢাকা-বরিশালসহ বিভিন্ন এলাকা থেকে আসা লঞ্চের শত শত যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।
পশ্চিম চর উমেদ ও নীলকমল ইউনিয়নের কমপক্ষে ৫০ জন কৃষক বলেন, রোয়ানুর প্রভাবে ছুটে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে দুটি ইউনিয়নের ১০ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের খেতের আউশ ধান, আমনের বীজতলা ও সবজি নষ্ট হয়ে যাচ্ছে এবং পুকুরের মাছ ভেসে যাচ্ছে।
গজারিয়া বাজার এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ও আনোয়ার পঞ্চায়েত বলেন, স্থানীয় লোকজন নিজস্ব উদ্যোগে কয়েকটি সাঁকো নির্মাণ করলেও মানুষের দুর্ভোগ কমেনি। মালামাল পরিবহন করতে ও নারী-শিশুদের যাতায়াতে বেশ সমস্যা হচ্ছে।
পশ্চিম চর উমেদ ইউনিয়নের আবদুল খালেক মিয়া ও নুরুজ্জামান বলেন, দ্রুত বাঁধটি সংস্কারের জন্য ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও পাউবোর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে জানালেও তাঁরা কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
ভোলা পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী কায়সার আহমেদ বলেন, জরুরি ভিত্তিতে বাঁধটি সংস্কার করা হচ্ছে না। তবে শিগগিরই পাউবোর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প প্রতিবেদন জমা দেবেন। সেটি ঢাকায় পাঠানো হবে। পাস হয়ে এলে সংস্কারকাজ হবে।