দুদিন পানির নিচে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন ধরে ডুবে আছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদসহ বেশ কিছু এলাকা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি গতকাল বেলা ১১টায় আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা l জুয়েল শীল
দুই দিন ধরে ডুবে আছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদসহ বেশ কিছু এলাকা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি গতকাল বেলা ১১টায় আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা l জুয়েল শীল

প্রবল বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল ও পাহাড় ধসে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটির সড়ক যোগাযোগ গতকাল মঙ্গলবার সকাল থেকে বিচ্ছিন্ন ছিল। দুপুরের পর চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ অনেকটা স্বাভাবিক হয়ে এলেও এই প্রতিবেদন লেখার সময় রাত ১০টা পর্যন্ত রাঙামাটি ও বান্দরবান জেলার সঙ্গে পুনঃস্থাপিত হয়নি। এর ফলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।

গত সোমবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। সারা দিনে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, আগ্রাবাদ এক্সেস রোড, ছোট পুলসহ ওই এলাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুরেও জলাবদ্ধতা ছিল।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর, সাতবাড়িয়া ও সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা মাহালিয়া সড়ক আড়াই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের ও বান্দরবানের স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। গতকাল সকাল নয়টায় পর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান এলাকায় ৫ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশ, চন্দ্রঘোনা, রাঙামাটি ও বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ছয়টি দল যায়। এই সময় পথে রাঙামাটি, বান্দরবান ও রাঙ্গুনিয়ায় তাঁদের কর্মীরা গাড়িসহ আটকা পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে জানান,
গতকাল ভোরে আকস্মিক পাহাড়ি ঢলে আড়াই থেকে তিন ফুট পানির নিচে মহাসড়কের চন্দনাইশের হাশিমপুর ও সাতবাড়িয়া তলিয়ে যায়। তিনি বলেন, ‘বিপদ এড়াতে আমরা মহাসড়কে একদিকের গাড়ি বন্ধ রেখে অন্যদিকের গাড়ি পার করে দিচ্ছি। তবে বিকেলের দিকে পানি উচ্চতা এক ফুটে নেমে এসেছে। বৃষ্টি না হলে আজ (মঙ্গলবার) রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দুটি জায়গায় প্রায় দেড় কিলোমিটার সড়ক তলিয়ে যায়। এতে সড়ক যোগাযোগব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়।

সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন, চট্টগ্রাম-বান্দরবান সড়কের বড়দুয়ারায় এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে গতকাল ভোর ছয়টা থেকে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল রাত পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

হাইওয়ে পুলিশের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, রাউজান থানার সর্তার ঘাট সেতু এলাকা থেকে গোদারপাড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক কোমরপানিতে তলিয়ে গেছে। এতে সকাল (গতকাল) ১০টা থেকে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

ডুবে গেছে চট্টগ্রাম

গতকাল দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ ছিল। আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় কাল দুপুরেও প্রায় হাঁটুপানি ছিল। হাসপাতালের পরিচালক মো. নুরুল হক বলেন, ‘বৃষ্টির পানিতে আমরা দুই দিন ধরে দুর্ভোগের মধ্যে আছি। নিচতলা ডুবে গেছে। সব রোগীকে ওপর তলায় তুলে দিয়েছি।’

আগ্রাবাদের এক্সেস রোডেও সকালে পানি ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম। তবে সকালের পর বৃষ্টি না হওয়ায় মুরাদপুর, ষোলোশহর, চাক্তাই, খাতুনগঞ্জ, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে। রাতভর মুষলধারে বৃষ্টি ও জোয়ারের কারণে ভোরের দিকে নগরের ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে যায়।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ বিজন রায় জানিয়েছেন, নিম্নচাপজনিত ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাতকানিয়া, বান্দরবান ও রাউজান প্রতিনিধি)