
দক্ষিণাঞ্চলে ভিটার জমি বলে একটি কথা চালু আছে। ধানখেতের কাছে অপেক্ষাকৃত উঁচু জমি, যেখানে পানি জমে থাকে না। সাধারণত রবিশস্য লাগানো হয় ভিটার জমিতে। এ রকম ভিটার আইলে, সড়কের কাছের ঝোপঝাড় আঁকড়ে ধরে বেড়ে ওঠে একটি লতানো উদ্ভিদ। এ লতার পাতা আকারে বড় এবং দেখতে পানপাতার মতো। ফুলের কলি দেখতে অনেকটা পেঁয়াজের ভেতরের অংশের মতো।
আমাদের দেশে অনেক প্রজাতির বুনো কলমিলতার দেখা মেলে। তাদের মধ্যে দুধকলমি অনেক এলাকায় পাওয়া যায়। ফুলের পাপড়ির রং দুধের মতো সাদা বলে হয়তো এই নামকরণ। দুধকলমিলতা সবচেয়ে বেশি দেখেছি বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এলাকায়। তা ছাড়া সেন্ট মার্টিন দ্বীপ, রাঙামাটি, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা জেলার সড়কের ধারে ঝোপঝাড়ে এ লতা দেখেছি। সম্প্রতি ঢাকার আশুলিয়ায় গিয়ে বেঁড়িবাধের সড়কে জন্মানো একটি ঝোপে দুধকলমিলতার দেখা পাই। সতেজ ও সজীব লতায় বেশ বড় বড় ফুল ফুটেছে। একক দলটি যেন চারদিকে সমানভাবে বেড়েছে।
মাঝারি গড়নের লতা। পাতার দৈর্ঘ্য ৪ থেকে ১১ সেন্টিমিটার। গ্রামের রাস্তার পাশের ঝোপে, নদীর ধারের সিক্ত জমিতে কোনো ধারকে জড়িয়ে বেড়ে ওঠে। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে। পানিতে ভেসে ভেসে ফল ছড়িয়ে পড়ে উপকূল থেকে উপকূলে। সাধারণত শীতের প্রথম দিকে দুধসাদা রঙের পাপড়ি নিয়ে এ লতায় ফুল আসে। তবে পরিবেশভেদে ফুল ফোটার সময় ও লতার বৃদ্ধিও হেরফের হতে পারে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই ফুল ও ফল দেখা যায়। গ্রামীণ ঝোপঝাড় কেটে ফেলার কারণে সুন্দর ফুলের এ লতাটি দিেন দিেন হারিয়ে যাচ্ছে। দুধকলমিলতার ইংরেজি নাম Indian Jalap, Turpeth Root। বৈজ্ঞানিক নাম Operculina turpethum। ভারত, পূর্ব আফ্রিকা, পলিনেশিয়া ও অস্ট্রেলিয়ায় এ লতা পাওয়া যায়।
এটি খুবই গুরুত্বপূর্ণ ভেষজ লতা। দুই রঙের শিকড় থাকে—সাদা ও কালো। কালো রঙের শিকড় খালি হাতে না ধরাই ভালো। কারণ, এটি চামড়ায় বিছুটি পাতার মতো চুলকানি সৃষ্টি করে। তবে শিকড়ের বাকল পেশির ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয়। বৃশ্চিক পোকার কামড়ে শিকড় ব্যবহার করা হয়।
আমরা আমাদের বুনো গাছগাছড়াকে ক্রমাগত ধ্বংস করে ফেলছি। বাড়ির আঙিনায় বা বসতবাড়ির আশপাশে বিদেশি ফুলের গাছ লাগিয়ে ভরে ফেলছি। কিন্তু আমাদের অনেক লতাপাতা আছে, যা অনেক মূল্যবান। বুনো গাছপালা সংগ্রহ করে রাখার জন্য একটি জায়গা থাকা দরকার। তা না হলে অনেক প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে না।