দুর্গাপুর শহরের সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি থেকে উপজেলা পরিষদ পর্যন্ত দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। এতে বেশির ভাগ সময়ই যানজট লেগে ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটির স্থানে স্থানে খানাখন্দে ভরে গেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ শতাধিক ট্রাক, পিকআপ ও লরি সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই করে জেলাসহ ময়মনসিংহ ও ঢাকায় নিয়ে যাওয়া হয়। সড়কটি শহরের প্রবেশমুখ হওয়ায় বিদ্যালয়-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সবাই ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, দুর্গাপুর চৌকি আদালতের পাশে, সাবেক সাংসদ প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের বাড়ির সামনে ও টাঙ্গাইল স মিলের সামনের তিনটি জায়গায় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আদালতের পাশের রাস্তায় প্রায় ১০ ফুট লম্বা ও তিন ফুটের ওপরে গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই গর্তগুলোয় পানি জমে যায়। এতে ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।
বিরিশিরির বাসিন্দা বকুল চন্দ্র হাজং অভিযোগ করেন, ‘বালুর ট্রাকের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। আর আমরা ভোগান্তির শিকার হচ্ছি।’ দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা চক্রবর্তী বলে, গর্তে গাড়ি পড়ে জ্যাম লাগার কারণে গত মঙ্গলবার বিদ্যালয়ে যেতে তার ২০ মিনিট দেরি হয়েছে।
খাদে আটকা পড়া ময়মনসিংহের ট্রাকচালক ইয়াসিনুর রহমান বলেন, এই গর্তগুলো কেউ মেরামত করে না। অথচ বালুবোঝাই প্রতি ট্রাক থেকে পৌরসভা ১০০ টাকা, শ্রমিক ইউনিয়ন ১০০ টাকা, ডাইভারশন ২০০ টাকা, খাজনা ৭০০ টাকাসহ ১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নওশাদ আলম বলেন, ‘রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। তাই আমাদের কিছু করার নেই।’
পৌর মেয়র শ ম জয়নাল আবেদিন জানান, রাস্তাটি সওজের হলেও যানবাহনসহ পথচারীদের চলাচলের জন্য গত বুধবার সন্ধ্যায় কিছু ইটের টুকরা ফেলা হয়েছে। তবে তিনি দাবি করেন, পৌরসভায় পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য ইজারার মাধ্যমে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০০ টাকা নেওয়া হয় না।
সওজের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, গর্তগুলো দুই-তিন দিনের মধ্যেই খোয়াবালু দিয়ে ভরাট করে ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে।