দুর্যোগ নিয়ে বিশ্বসভা বসছে আজ জাপানে
পর পর তিনটি দুর্যোগের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফিরছে জাপানবাসীকে। ২০১২ সালের ১১ মার্চেই আঘাত হানা ভূমিকম্প, সুনামি এবং পরমাণু বিদুৎকেন্দ্রের বিপর্যয়ের চার বছরের মাথায় জাপানে আজ শনিবার শুরু হতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব দুর্যোগের ঝুঁকি হ্রাসবিষয়ক তৃতীয় সম্মেলন। এ যেন শোককে শক্তিতে পরিণত করার এক চলমান চেষ্টারই অংশ। ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলা এই তৃতীয় বিশ্বসভায় ১৯০টি দেশের মন্ত্রী এবং প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করছে জাতিসংঘ।
ভূমিকম্প আর সুনামির আঘাতে ক্ষতবিক্ষত শহর সেনদাই এবারের এই সম্মেলনের আয়োজক শহর। দুর্যোগের ক্ষতি পুষিয়ে কীভাবে আবার উঠে দাঁড়ানো যায় তার একটি জ্বলন্ত উদাহরণ যেন জাপানের এই উপকূলীয় শহরটি। সম্মেলন উপলক্ষে শহরটি নতুন রূপে সাজানো হয়েছে। উদ্যোক্তারা বলছেন, দুর্যোগের আগে শহরটি যেমন ছিল চার বছরের মাথায় তার অধিকাংশ স্থান তার চেয়ে সুন্দর এবং টেকসই করে পুননির্মাণ করা হয়েছে।
সম্মেলনে বিশ্বের ২০টি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন। উদ্বোধন করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বাংলাদেশ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চেীধুরী মায়ার নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল এসেছে। আসছেন ইন্টার পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি সাবের হোসেন চৌধুরী।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ফুকুশিমা দুর্যোগে নিহত আড়াই হাজার মানুষের স্মরণে জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবনে শোকসভার আয়োজন করা হয়। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে ফুকুশিমার মেয়র আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় আরেকটি স্মরণ সভা। দুই অনুষ্ঠানেই জাপানের মন্ত্রিপরিষদের সদস্য আর জাপানে অবস্থিত বিদেশি দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাপানের সম্রাট আকিহিতো আবেগঘন কণ্ঠে বলেন, ‘১২ মার্চের সেই দুঃসহ স্মৃতির কথা এখনো ভুলতে পারি না। তবে সেই দিনের বেদনা আর কষ্টকে আমরা পুনর্নির্মাণের প্রচেষ্টা দিয়ে কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বক্তৃতায় অংশ আত্মপ্রত্যয়ই বেশি ছিল। ফকুসিমা আর সেনদাই শহরের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ এখনো চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘মেরামতের কাজ নিজের চোখে দেখতে আমি প্রতি সপ্তাহে ফুকুশিমা যাই।’
ফুকুশিমার মেয়র মাসাউ উচিবরি জানান, পরমাণু বিদ্যু্ৎকেন্দ্রের তেজস্ক্রিয়া এখন আর নেই। ফুকুশিমার উৎপাদিত চাল আর সবজি এখন সম্পূর্ণ নিরাপদ। তবে আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এ জন্য ফুকুসিমার সবগুলো পরমাণু বিদ্যু্ৎকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ।
সম্মেলন উপলক্ষে গতকাল জাতিসংঘের দুর্যোগবিষয়ক সংস্থা ইউএনআইএসডিআরের পক্ষ থেকে সংবাদ সম্মলনের আয়োজন করা হয়। জানানো হয়, এবারের সম্মলনে ১০ বছর আগের সম্মেলনে স্বাক্ষরিত হুগো ফ্রেমওয়ার্ক ডিজাস্টারের অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, সেই আলোচনা এবং ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে। একটি নতুন কর্মপরিকল্পনা এবং ঘোষণার মধ্য দিয়ে ১৮ মার্চ সম্মেলন শেষ হবে।