দুর্লভ এক সুইচোরার সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলদাড়ি সুইচোরার দেহের নিচের অংশ l ছবি: লেখক
নীলদাড়ি সুইচোরার দেহের নিচের অংশ l ছবি: লেখক

বাংলাদেশে ‘সুইচোরা’ বা ‘Bee-eater’-এর যে চারটি প্রজাতি বাস করে, তার তিনটির দেখা পাওয়া সহজ। কারণ এগুলো সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি। বাকি একটি প্রজাতি দুর্লভ, সহজে তার দেখা মেলা ভার। তিন প্রজাতির সুইচোরা জীবনে বহুবার দেখেছি, প্রচুর ছবিও তুলেছি। তাই দুর্লভ সুইচোরাটির সন্ধানে ছিলাম বহু দিন।
পাখিটির দেখা পাচ্ছিলাম না। অবশ্য অনেকেই তেমন একটা কষ্ট না করেও ভাগ্যের জোরে ওর দেখা পেয়েছেন। এদিক দিয়ে আমি ততটা ভাগ্যবান ছিলাম না। গত বছরের এপ্রিলে মৌলভীবাজারের আদমপুর বিটে একবার ওর দেখা পেয়েছিলাম। মাত্র এক ঝলক। ক্যামেরায় ফোকাস করতে করতেই উড়ে পালাল। কাজেই ছবি আর তোলা হলো না।
চলতি বছরের জানুয়ারিতে ‘চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়’-এ চতুর্থ বর্ষের ছাত্রদের ‘জু অ্যানিম্যাল মেডিসিন’ বিষয়ের পরীক্ষা নিতে গিয়ে কাপ্তাইয়ে পাখিটিকে খোঁজার কথা ভাবলাম। যেমন কথা তেমন কাজ। পরীক্ষা শেষে ছাত্র ইয়াছিন (ওর বাড়ি কাপ্তাইয়ের কাছে) ও সহকর্মী সহকারী অধ্যাপক আতাউর রহমানকে নিয়ে ২৪ জানুয়ারি ভোরে কাপ্তাইয়ের উদ্দেশে বেরিয়ে পড়লাম। এ যাত্রায় আমরা বেশ কয়েক প্রজাতির দুর্লভ ও বিরল পাখি এবং প্রাণীর সন্ধান পেলাম। এর মধ্যে ছিল দুর্লভ সুইচোরাটিও। সারা দিনে তিনবার ওর দেখা পেয়েছিলাম। পাখিটি আমাদের সবচেয়ে বেশি সময় দিয়েছিল কাপ্তাই জাতীয় উদ্যানের সর্পিল ছড়ায়। ছড়ায় পায়ের পাতা ডুবিয়ে সেদিন প্রাণভরে ওর রূপ দেখলাম এবং ছবি তুললাম।
দুর্লভ এই আবাসিক পাখিটির নাম ‘নীলদাড়ি সুইচোরা’(Blue-bearded Bee-eater)। ‘নীলবুক সুইচোর’ নামেও পরিচিত। বিচরণ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে। মেরোপিডি পরিবারের পাখিটির বৈজ্ঞানিক নাম Nyctyornis athertoni, অর্থাৎ রহস্যময় বা গুপ্ত পাখি।
সুইচোরা পরিবারে রহস্যময় নীলদাড়ি সুইচোরা বৃহত্তম পাখি। লম্বা ৩৬ সেন্টিমিটার। ওজন মাত্র ৯০ গ্রাম। নীল কপালের পাখিটির দেহের ওপরটা ঘেসো সবুজ। মাথা, মুখমণ্ডল ও গাল নীলচে-সবুজ বা ফিরোজা রঙের। গলার কালচে-নীল পালকগুলো লম্বা ও ফোলা ফোলা, যা দেখতে কতকটা দাড়ির মতো লাগে। বুক-পেট গাঢ় হলদে এবং তার ওপর নীলচে-সবুজ ডোরা। ডানা ও লেজের ডগা পীতাভ-হলুদ। চোখ উজ্জ্বল সোনালি-কমলা। কাস্তে আকারের লম্বা ঠোঁটটি ধূসর-বাদামি। পা ও পায়ের পাতা ফিকে হলুদাভ-সবুজ। পায়ের নখও ধূসর-বাদামি। ছেলেমেয়ে যদিও দেখতে একই রকম, কিন্তু ছেলেগুলোর দাড়ি বেশি চকচকে। অপ্রাপ্তবয়স্কগুলোর দাড়ি থাকে না।
এরা চিরসবুজ বনের বাসিন্দা হলেও আর্দ্র পাতাঝরা বন, বনের ছড়া ও আবাদযোগ্য জমিতে বিচরণ করে। সচরাচর একাকী, জোড়ায় বা তিনটির ছোট দলে দেখা যায়। অন্যান্য সুইচোরার মতোই গাছের উঁচু ডালে বসে শূন্যে উড়ে গিয়ে উড়ন্ত মৌমাছি, ফড়িং, গুবরে পোকা, বোলতা ইত্যাদি ধরে বেশ আয়েশ করে খায়। অনেক সময় ফুলের রসও পান করতে দেখা যায়। তবে মৌমাছিই এদের মূল খাদ্য। এরা বেশ উচ্চস্বরে ‘কর-র-র, কর-র-র ... কিট-টিক, কিট-টিক, কায়ও-কওক-কো-কো-কো’ ডাক দেয়।
ফেব্রুয়ারি-আগস্ট প্রজননকাল। ডিম পাড়ার এক মাস আগে বনের ছড়া বা জলধারার খাড়া পাড়ে বা পাহাড়ের পলি মাটিতে সুরঙ্গ খুঁড়ে বাসা করে। পাঁচ-ছয় সেন্টিমিটার ব্যাসের এই বাসাগুলো লম্বায় দেড় থেকে তিন মিটার হতে পারে। স্ত্রী পাখি তাতে চার থেকে ছয়টি সাদা রঙের ডিম পাড়ে। দুর্লভ এই পাখিগুলো বর্তমানে এ দেশে তথ্য-অপ্রতুল শ্রেণিতে রয়েছে। কাজেই এদের নিয়ে গবেষণা হওয়া দরকার।