দুর্লভ খোঁপাডুবুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর হারুপুর এলাকায় পদ্মা নদীতে এক জোড়া খোঁপাডুবুরি। গত ৪ মার্চ তোলা ছবি l লেখক
রাজশাহীর হারুপুর এলাকায় পদ্মা নদীতে এক জোড়া খোঁপাডুবুরি। গত ৪ মার্চ তোলা ছবি l লেখক

মার্চের প্রথম সপ্তাহে ‘ন্যাচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ’-এর পক্ষ থেকে ক্যাপ্টেন কাওসার মোস্তফাকে সঙ্গে নিয়ে ময়াল বা রাজহংসীর খোঁজে রাজশাহীর পদ্মার চরে গিয়েছিলাম। ময়ালের সন্ধানে যখন পদ্মার এদিক-ওদিক চষে বেড়াচ্ছিলাম, তখন হারুপুর আসার পর হঠাৎ এমন এক পাখির দেখা পেলাম, যার কথা চিন্তাও করিনি। কাপ্তাই লেক ও শ্রীমঙ্গলে ওকে আগে দেখেছি। আমাদের ইঞ্জিনের নৌকা চমৎকার খোঁপাযুক্ত পাখিটির কাছাকাছি যেতেই ও ডুবসাঁতারে হারিয়ে গেল এবং বহু দূরে গিয়ে মাথা ভাসাল। নৌকা চালিয়ে কাছে যেতেই আবারও একই খেলা। আধঘণ্টা খানেক এমন লুকোচুরি খেলার পর কিছু ভালো ছবি তুলে ফের ময়ালের সন্ধানে চলে গেলাম।
অতি সুন্দর খোঁপাযুক্ত এই জলজ পাখিটি খোঁপাডুবুরি (Great Crested Grebe)। খোঁপাযুক্ত ডুবুরি বা বড় খোঁপাডুবুরি নামেও পরিচিত। Podicipedidae গোত্রের এই পাখির বৈজ্ঞানিক নাম Podiceps cristatus।
খোঁপাডুবুরি লম্বা গলা এবং লম্বা ও চোখা ঠোঁটের ছিমছাম পাখি। দেহের দৈর্ঘ্য ৪৬-৬১ সেন্টিমিটার ও ওজন ০.৮-১.৫ কেজি। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম। মাথা কালো ও তার ওপর এক জোড়া খাড়া ও পেছনমুখী কালচে কানঝুঁটি। ঘাড় ও গলার ওপরটা খয়েরি ও কালচে এবং মুখমণ্ডল সাদা। ঘাড়ের নিচ, পিঠ ও দেহের দুই পাশ কালচে-ধূসরাভ-বাদামি। গলার নিচ, বুক ও পেট সাদাটে। ওড়ার সময় ডানায় স্পষ্ট সাদা ছোপ দেখা যায়। প্রজননকালে খোঁপা দুটি লালচে-কমলা রং ধারণ করে, যার আগা থাকে কালো। ঘাড়ের পেছনের পালক কালচে ও বড় হয়ে যায়। ঠোঁট বাদামি, যার গোড়া লাল ও আগা ফিকে। চোখ রক্তলাল। পা ও পায়ের পাতা জলপাই-সবুজ, নখ নীলচে। বাচ্চাদের গালে সাদা-কালো ডোরা।

খোঁপাডুবুরি এ দেশের দুর্লভ পরিযায়ী পাখি। শীতে পশ্চিম ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার অন্যান্য স্থান থেকে বাংলাদেশসহ দ‌ক্ষিণ এশিয়ার আরও অনেক দেশে আসে। এ দেশের প্রায় সব হাওর, হ্রদ, বিল-ঝিল, নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় দেখা যায়। সচরাচর জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। পানির উপরিভাগে সাঁতরে ও ড‌ুব দিয়ে চোখা ঠোঁটটি দিয়ে বড় মাছ, জলজ কীটপতঙ্গ, ব্যাঙাচি ও কাঁকড়া ধরে খায়।

এপ্রিল-জুলাই প্রজননকাল। এ সময় পানিতে ভাসমান কোনো গাছের সঙ্গে জলজ আগাছা, নলখাগড়া ও ঘাস মিলিয়ে বিশাল বাসা বানায়। বাসা পানিতে ভাসতে থাকার কারণে স্থলজ শিকারি প্রাণীর হাত থেকে ডিম-বাচ্চা রক্ষা পায়। ৩-৫টি ঘিয়ে রঙের ডিম পাড়ে। স্ত্রী-পুরুষ দুজনেই পালাক্রমে তা দিয়ে ২৭-২৯ দিনে বাচ্চা ফোটায়। বাচ্চারা ৭০-৭৫ দিনে উড়তে শেখে ও বাসা ছাড়ে, ১১-১৬ সপ্তাহে স্বাবলম্বী ও এক বছরে প্রজনন উপযোগী হয়। সর্বোচ্চ ১১ বছর ৮ মাস পর্যন্ত বেঁচে থাকে।