
দুর্লভ ও বিরল পাখির সন্ধানে দেশময় ঘুরে বেড়াচ্ছি। তারই অংশ হিসেবে গত ১৫ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হলাম। শঙ্খশালিক, দুধরাজ, মেঘ হও, মাছমুরাল, ধৌলি ফিঙে প্রভৃতি পাখির দেখা পেলাম। নাশতা সেরে ঘরে ফিরলাম। ঘণ্টা খানেক ঘোরাঘুরির পর রোদের তেজ মারাত্মক বেড়ে গেল। পুকুরপাড়ে তালগাছের নিচে বাঁশের মাচার ওপর বসে খানিকটা জিরিয়ে নিয়ে ক্লান্তি দূর করলাম।
এরপর আবার পাখি খোঁজা শুরু। নীলটুনি ও নীললেজ সুইচোরার দেখা পেলাম বেশ কয়েকটা। সুইচোরাগুলো কলাগাছে বসে ছিল। সেখান থেকে উড়ে গিয়ে চমৎকার ভঙ্গিমায় শূন্য থেকে উড়ন্ত পোকা ধরছে ও কলাগাছে ফেরত আসছে। এমন সময় সামনের ঝোপালো ছোট গাছটাতে ধূসর রঙের একটা পাখি এসে বসল। পাখিটিকে আগেও বার কয়েক দেখেছি, বেশ দুর্লভ। কিন্তু ভালো ছবি তুলতে পারিনি। কাজেই এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। দ্রুত কটা ক্লিক করতেই পাখিটি উড়াল দিল।
এতক্ষণ যে দুর্লভ পাখিটির কথা বললাম সেটা এ দেশের এক আবাসিক পাখি ছোট গুধুকা (Black-headed Cuckooshrike)। কালোমাথা গুধুকা নামেও পরিচিত। Campephagidae গোত্রের এই পাখিটির বৈজ্ঞানিক নাম Coracina melanoptera.
ছোট গুধুকা লম্বায় মাত্র ২০ সেন্টিমিটার ও ওজনে ৩০ গ্রাম। স্ত্রী-পুরুষের দেহের রঙে পার্থক্য রয়েছে। প্রাপ্তবয়স্ক পুরুষের মাথা, কপাল, ঘাড়, গলা ও বুক কালো। পিঠ ছাইরঙা। দেহের নিচটা সাদা। ডানা ও লেজের প্রান্ত ছোপযুক্ত কালো। স্ত্রীটির চোখের ওপরে সাদা টান। সাদা বুকে আড়াআড়ি বাদামি রেখা অনেকগুলো। পেট সাদা। মাথা ও পিঠ ধূসর। স্ত্রী-পুরুষ নির্বিশেষে চোখ কালচে বাদামি এবং ঠোঁট ও পা কালচে। অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে কতকটা মায়ের মতো, তবে পিঠে সাদা ডোরা থাকে।
কম-বেশি সারা দেশে এদের দেখা মেলে, তবে দুর্লভ। আমি এদের লাউয়াছড়ার মিশ্র চিরসবুজ বন, গাজীপুরের আর্দ্র পাতাঝরা বন, তেঁতুলিয়ার খোলা প্রান্তর, এমনকি রাজশাহীর ছায়াঘেরা বাগানে দেখেছি। সচরাচর একাকী বা জোড়ায় জোড়ায় দেখা যায়। কীটপতঙ্গ ও শুঁয়াপোকা প্রিয় খাদ্য। তবে রসাল ফল ও ফুলের নির্যাসও খেতে পারে। ‘পুইট-পুইট-পুইট’ স্বরে ডাকে।
এপ্রিল থেকে জুলাই প্রজননকাল। এ সময় মাটি থেকে ১৫-২০ হাত উচ্চতায় গাছের অপেক্ষাকৃত মোটা শাখায় শিকড়, লতা, মাকড়সার জাল ইত্যাদি দিয়ে ছোট্ট গোলাকার বাসা বানায়। এমনভাবে বাসাটি বানানো হয় যেন তা সহজে কারও নজরে না আসে। স্ত্রী-পুরুষ দুজনে মিলেই বাসা বানায় ও স্ত্রী তাতে ২-৩টি সাদা রঙের ডিম পাড়ে, যার ওপর বাদামি ফোঁটা ও লম্বা লম্বা দাগ থাকে। ডিম ফোটে ১৪-১৭ দিনে। স্ত্রী-পুরুষ উভয়ে মিলে বাচ্চাদের খাওয়ায়। প্রায় এক মাস বয়সে বাচ্চারা উড়তে শেখে ও নীল আকাশে স্বপ্নের ডানা মেলে।