
প্রথম দেখি কাপ্তাই লেকে। এরপর দেখেছি রাঙামাটি শহরের সার্কিট হাউসের বিশাল কড়ইগাছে। এ বছরের ২৯ জানুয়ারি ৩০-৪০টি পাখির একটি ঝাঁকের সঙ্গে ফের দেখা হয়ে গেল রাজশাহীর পদ্মার চরে। মার্চ-এপ্রিলেও ওরা ওখানে ছিল। ময়াল রাজহাঁসের খোঁজে রাজশাহী গেলে গত ২ মার্চ নবগঙ্গার কাছের একটি চরে একসঙ্গে ২০-২৫টি পাখির দেখা পেলাম। নৌকা ওদের কাছাকাছি যেতেই উড়াল দিল। আর উপহার দিয়ে গেল একগুচ্ছ উড়ন্ত ছবি।
ওরা এ দেশের ও বিশ্বের সবচেয়ে বড় পানকৌড়ি পাখি, যার নাম বৃহৎ পানকৌড়ি (Great Cormorant)। বড় পানকৌড়ি বা পানকৌড়ি নামেও পরিচিত। Phalacrcoracidae গোত্রের এই পাখিটির বৈজ্ঞানিক নাম Phalacrocorax carbo.
বাংলাদেশের সবচেয়ে বড় এই পানকৌড়ির দেহের দৈর্ঘ্য ৭৭-৯০ সেন্টিমিটার। ওজন ১.৮-২.৮ কেজি। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, তবে পুরুষগুলো কিছুটা বড় হয়। এদের পুরো দেহের পালক কুচকুচে কালো, পিঠের পালকে থাকে নীলের আভা। প্রজননের সময় পাখির মাথা, ঝুঁটি ও ঘাড়ের পালক রেশমি-সাদা, রানে গোলাকার সাদা পট্টি, মুখের ত্বক ও গলা সাদা এবং গলথলি উজ্জ্বল হলুদ। চোখ সবুজ ও চোখের পর্দা কালচে-হলুদ। ঠোঁট ধূসর-বাদামি। পা, পায়ের পাতা ও নখ কালো। অন্য সময় মাথার রেশমি-সাদা রং ও রানের সাদা পট্টি থাকে না। অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ কালচে-বাদামি ও দেহের নিচটা পীতাভ।
বড় পানকৌড়ি এ দেশের দুর্লভ পরিযায়ী পাখি। বিশ্বের প্রায় সব দেশে দেখা মেলে। শীতে দেশের সব বিভাগের বড় বড় নদী, হাওর, বিল, হ্রদ ও উপকূলীয় পানিতে দেখা যায়। এরা মূলত মাছখেকো, তবে কাঁকড়া, শামুক-ঝিনুক এবং ব্যাঙও খেতে পারে। পানিতে সাঁতার কেটে ও ডুব দিয়ে শিকার করে। বিশেষ ভঙ্গিতে ডানা ও লেজ মেলে ধরে শুকনো জায়গায় দাঁড়িয়ে থাকে। আগে একে ভিজে পালক শুকানোর পদ্ধতি বলে ধারণা করা হলেও বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন যে এ রকম ভঙ্গিমা এদের খাবার হজমে সাহায্য করে।
বড় পানকৌড়ি নাতিশীতোষ্ণ অঞ্চলে এপ্রিল থেকে জুনে এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বছরের যেকোনো সময় প্রজনন করতে পারে। বছরে সচরাচর একবারই প্রজনন করে। জলার ধারে বা জলায় আংশিক ডোবা গাছের মগডালে ডালপালা ও জলজ উদ্ভিদ দিয়ে মাচার মতো বিশাল আকারের বাসা বানায়। একসঙ্গে অনেক জোড়া পাখি কলোনি বাসা বানিয়ে ডিম-বাচ্চা তোলে। স্ত্রী ৩-৫টি নীল-সবুজাভ ডিম পাড়ে। স্বামী-স্ত্রী দুজনেই তা দেয় ও ২৮-৩১ দিনে ডিম ফোটে। বাবা-মা দুজনে মিলে বাচ্চাদের খাইয়ে-দাইয়ে বড় করে তোলে। বাচ্চারা ৪৫-৫৫ দিনে উড়তে শেখে। আয়ুষ্কাল সর্বোচ্চ ১৫ বছর।