দুশ্চিন্তা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের আন্ধারমানিক খালে কাঁকড়া ধরেন এই বৃদ্ধ। তাঁর শরীরে আর মাছ ধরার সামগ্রীতে লেগে আছে তেল। গত ২৫ ডিসেম্বর ছবিটি তুলেছেন জিয়া ইসলাম
সুন্দরবনের আন্ধারমানিক খালে কাঁকড়া ধরেন এই বৃদ্ধ। তাঁর শরীরে আর মাছ ধরার সামগ্রীতে লেগে আছে তেল। গত ২৫ ডিসেম্বর ছবিটি তুলেছেন জিয়া ইসলাম

সুন্দরবনে ছড়িয়ে পড়া সোয়া তিন লাখ লিটার ফার্নেস তেলের মধ্যে প্রায় ৭০ হাজার লিটার তেল সংগ্রহ করেছেন বনজীবীরা। স্বাস্থ্যঝুঁকিকে সঙ্গী করে ওই তেল সংগ্রহের পর এখন নতুন দুশ্চিন্তা তেলমাখা সামগ্রী নিয়ে।
শ্যালা নদীর পাশের জয়মণি, চিলা ও মংলা এলাকার হাজার খানেক মানুষ এই তেল সুন্দরবন থেকে অপসারণ করেছেন। ওই বনজীবীদের বেশির ভাগই খালি হাতে তেল তুলেছেন। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ওই গ্রামে জরিপ চালিয়ে দেখতে পেয়েছে, তেল অপসারণকারী গ্রামবাসীর অর্ধেকই চর্মরোগ, বমি ও নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন।
বন বিভাগের কাছে প্রায় ৩০ টন তেলমাখা সামগ্রী জমা পড়েছে। এসব সামগ্রী কী করা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকারি সংস্থাগুলো। আর বাকি আড়াই লাখ লিটার তেলের বেশির ভাগই সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থায় রয়ে গেছে। এ তেলও কীভাবে অপসারণ করা হবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সুন্দরবনের গাছের গায়ে, ডালপালা, গোলপাতা ও পাড়ে এসব তেল লেগে আছে। ওই তেল অপসারণ করতে গেলে উল্টো বনের প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অন্য ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে তা অপসারণের উদ্যোগও থেমে আছে। কিন্তু ওই তেল সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থায় থেকে গেলে বনের প্রাণ-পরিবেশের দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সুন্দরবনের হরিণটানার এই খালের মুখে চটের বস্তা দিয়ে ফার্নেস তেল আটকানোর চেষ্টা করছেন জেলেরা। চট দিয়ে তেল তুলে তাঁরা পদ্মা অয়েলের কাছে বিক্রিও করেছেন। তেলমাখা ওই চটগুলো এখন বন বিভাগের কাছে রয়েছে l ছবি: জিয়া ইসলাম
সুন্দরবনের হরিণটানার এই খালের মুখে চটের বস্তা দিয়ে ফার্নেস তেল আটকানোর চেষ্টা করছেন জেলেরা। চট দিয়ে তেল তুলে তাঁরা পদ্মা অয়েলের কাছে বিক্রিও করেছেন। তেলমাখা ওই চটগুলো এখন বন বিভাগের কাছে রয়েছে l ছবি: জিয়া ইসলাম

এ ব্যাপারে জানতে চাইলে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, ‘তেলমাখা সামগ্রী ধ্বংস করতে গিয়ে যাতে আবার কারও ক্ষতি না হয়, সে জন্য আমরা সচেতন আছি। তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা এমন প্রক্রিয়ায় এগুলো ধ্বংস করব, যাতে কারও কোনো ক্ষতি না হয়। জাতিসংঘ বিশেষজ্ঞ দলের চূড়ান্ত প্রতিবেদনের পরামর্শ মেনেই বাকি তেল অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে।’
বাংলাদেশের আইনই সুন্দরবন রক্ষায় যথেষ্ট
বনজীবীরা তেল অপসারণের জন্য যেসব কচুরিপানা, গাছের ডালপালা, ছালা, বস্তা ও কাপড় ব্যবহার করেছেন, তা চাঁদপাই রেঞ্জসহ মংলা এলাকায় জমা করে রাখা আছে। বেশ কয়েকজন সুন্দরবনপ্রেমী স্বেচ্ছাসেবক বন বিভাগের তত্ত্বাবধানে তা সংগ্রহ করেন। পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি একধরনের বিশেষ পাত্রে ওই তেলমাখা সামগ্রীগুলো রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরুতে বন বিভাগ থেকে ওই তেলমাখা সামগ্রীগুলোর বিষয়ে তিনটি পরিকল্পনা নিয়েছিল। কোনো একটি ইটভাটায় নিয়ে এগুলো পুড়িয়ে ফেলা বা গর্ত করে পুঁতে ফেলা। কিন্তু বর্তমান ইটভাটার ছাঁকনিগুলো ছোট এবং কয়লা ছাড়া অন্য কোনো বস্তু প্রবেশ করানো যায় না। ফলে ইটভাটায় তা পোড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে বন বিভাগ। মাটিতে পুঁতে ফেলতে গেলেও তা মাটি এবং ভূগর্ভস্থ পানিকে বিষাক্ত করতে পারে বলে মত দেয় বন বিভাগ এবং কয়েকজন বিশেষজ্ঞ। ফলে এ দুটির কোনোটাই আর করছে না বন বিভাগ। এ ছাড়া আশপাশে নদী নেই, এমন কোনো স্থানে এসব সামগ্রী পুড়িয়ে ফেলারও পরিকল্পনা ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বন বিভাগের উচিত নদীর পাড় ও খালের মধ্যে জমে থাকা তেলের স্তর সরিয়ে ফেলা। নয়তো জোয়ার-ভাটায় ওই তেল বনের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়বে। এতে বনের ঝুঁকি আরও বিস্তৃত হবে।

আরও পড়ুন: