দূষণে বিলুপ্ত হালদার ১৫ প্রজাতির মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননকেন্দ্র হালদা নদী। ১৯৪৫ সালে এ নদী থেকে সংগৃহীত মাছের ডিম দিয়ে পাঁচ হাজার কেজি রেণু উৎপাদিত হয়েছিল। কিন্তু প্রতিনিয়ত দূষণ ও দখলের কারণে হালদায় মা মাছের ডিম ছাড়ার পরিমাণ অস্বাভাবিক পরিমাণে কমে যাচ্ছে। ২০১৫ সালে হালদা থেকে মাত্র ১২ কেজি রেণু উৎপাদন করা গেছে। নদীর ৭২ প্রজাতির মাছের মধ্যে ১৫ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।

গতকাল শনিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে ‘হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এ সেমিনারের আয়োজন করে। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।

সেমিনারে জানানো হয়, হালদা নদীতে মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়নের জন্য পিকেএসএফ ও আইডিএফ যৌথভাবে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নিয়েছে। মূলত প্রশিক্ষণ ও সচেতনতা তৈরি করাই এ প্রকল্পের উদ্দেশ্য। সেমিনারে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় তাঁদের কয়েকজন বলেন, পাহারার ব্যবস্থা না থাকায় নদী থেকে প্রতিদিন মা মাছ চুরি হয়ে যাচ্ছে। অর্থলোভীরা বিষ ঢেলে মাছ নিধন করে বাজারে বিক্রি করছে। এসব অভিযোগের জবাব দিতে সেমিনারে জেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সভাপতি ও প্রধান অতিথি।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম বলেন, ‘মৎস্য সচিব থাকার সময় হালদা নদী পাহারা দেওয়ার জন্য চট্টগ্রাম মৎস্য দপ্তরকে একটি স্পিডবোট দিয়েছিলাম। সেটি এখন কোথায়?’ এ সময় মৎস্য অধিদপ্তরের এক প্রতিনিধি জানান, স্পিডবোটটি পতেঙ্গায় রয়েছে। এর চালক নেই। এ তথ্য জানার পর বিস্ময় প্রকাশ করে মো. আবদুল করিম বলেন, স্পিডবোটটি হালদা নদীর জন্য দেওয়া হয়েছে, পতেঙ্গার জন্য নয়। হালদা নদীর জন্য মৎস্য অধিদপ্তর ১৫ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে, অথচ বলছে চালক নেই! তিনি বলেন, হালদা নদীর বাঁকগুলো সোজা করে ফেলা হয়েছে। এতে মাছের আশ্রয়স্থল কমে গেছে।

হালদা নদী রক্ষায় মৎস্য বিভাগের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। সেমিনারে তিনি বলেন, বিভিন্ন বাজারে হালদার বড় বড় মা মাছ বিক্রি হয়, অথচ কোনো দিন তারা (মৎস্য বিভাগ) কোনো তদারকি করেনি। মা মাছ না থাকলে ডিম আসবে কোথা থেকে? তিনি বলেন, হালদাকে রক্ষা করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে হবে। হালদার উজানে খনন করতে হবে, এর সঙ্গে সংশ্লিষ্ট খালগুলো খনন করতে হবে। হালদার স্লুইসগেটগুলো মৎস্যবান্ধব করতে হবে।

মুহাম্মদ সিকান্দার খান বলেন, হালদার সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কাউকে বাদ দিয়ে হালদা রক্ষা করা যাবে না। হালদাপারের মানুষকে নদী রক্ষার কাজে যুক্ত করতে হবে। কেন্দ্রীয় সরকারের মতো স্থানীয় সরকারকেও হালদা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

সেমিনারে হালদা নদীর বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও হালদা গবেষক মো. মনজুরুল কিবরীয়া। হালদা প্রকল্পের সমন্বয়ক মোহাম্মদ সায়েদুল হক, রাউজান উপজেলার চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, পুলিশ সুপার মো. নূরে আলম মিনা, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, আইডিএফের নির্বাহী পরিচালক মো. জহিরুল আলম প্রমুখ।