দূষণে মাছশূন্য হয়ে পড়ছে কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াসার পয়োবর্জ্য, সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা, কারখানার তরল রাসায়নিক এবং জাহাজের তেলের দূষণে কর্ণফুলী নদী মাছশূন্য হয়ে যাচ্ছে। তিন দশক আগেও এই নদীতে ১৫০ প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু ২০০৯ সালের এক গবেষণায় দেখা যায়, ৮০ প্রজাতির মাছই কর্ণফুলী থেকে হারিয়ে গেছে। বাণিজ্যিকভাবে এখন কেবল তিন প্রজাতির মাছ নদী থেকে আহরণ করতে পারেন জেলেরা।
বিশেষজ্ঞরা বলছেন, অব্যাহত দূষণের কারণে কর্ণফুলীতে মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনও কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম পাওয়া গেছে। মাছের বিচরণের জন্য নদীর পানিতে প্রতি লিটারে ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেনের উপস্থিতি দরকার। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) নগরের প্রায় সব খালের নদীমুখের পানি পরীক্ষা করে। তাতে দেখা যায়, সর্বনিম্ন দ্রবীভূত অক্সিজেন পাওয়া যায় প্রতি লিটার পানিতে ৩ দশমিক ৩৭ মিলিগ্রাম। সর্বোচ্চ পাওয়া গেছে ৪ দশমিক ৫৫ মিলিগ্রাম।
নগরের ১৬টি প্রধান খাল দিয়ে প্রতিদিন পয়ো এবং গৃহস্থালির বর্জ্য কর্ণফুলী নদীতে মিশছে। চাক্তাই খাল, মহেশ খাল ও মাঝির ঘাটের খালেক্যার জোড়া খালের মুখ এলাকায় গিয়ে দেখা যায়, খাল থেকে বর্জ্য মিশ্রিত কালো পানি সরাসরি নদীতে গিয়ে মিশছে।
চাক্তাই খালসংলগ্ন নদীর উত্তর পারে ফিরিঙ্গিবাজার এলাকায় কথা হয় জেলে আবদুল খালেকের সঙ্গে। তিনি বলেন, আগে যেভাবে মাছ পেতাম এখন আর পাই না।
কর্ণফুলী নদী নিয়ে গবেষণা করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত দূষণে কর্ণফুলী নদী থেকে মাছ ক্রমেই বিলুপ্ত হচ্ছে। বর্তমানে ফাইস্যা, পোয়া ও কাঁচকি মাছ ছাড়া অন্য প্রজাতির মাছ তেমন পাওয়া যায় না।
১৯৮৬ সালের এক গবেষণায় দেখা যায়, এই নদীতে মিশ্র পানির ৫৯ প্রজাতির, মিঠা পানির ৬৬ প্রজাতির এবং পরিযায়ী ২৫ প্রজাতির মাছ পাওয়া যেত। গবেষণাটি করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক প্রয়াত আবদুল লতিফ ভূঁইয়া।
এই গবেষণাকে ভিত্তি ধরে ২০০৯ সালে কর্ণফুলী নদীর মাছ এবং দূষণের ওপর আরেকটি গবেষণা করেন মনজুরুল কিবরীয়া। তাতে দেখা যায়, মিশ্র পানির ২৫ প্রজাতির, মিঠা পানির ৩০ প্রজাতির এবং পরিযায়ী প্রজাতির মাছ প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুনুর রশিদ পাঠান বলেন, মানুষের পয়োবর্জ্যসহ ২৫ কোটি লিটার পানি দূষিত হয়ে বিভিন্ন খালের মাধ্যমে প্রতিদিন কর্ণফুলীতে গিয়ে পড়ছে।
এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, ‘পয়োনিষ্কাশন সিস্টেম নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। আশা করি ২০১৭ সালের মার্চ নাগাদ এই পরিকল্পনা প্রণয়ন শেষ হবে। তারপর আমরা কাজ শুরু করতে পারব।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবে প্রতিদিন নগরে ১ হাজার ২০০ টন গৃহস্থালির বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে এক হাজার টন বর্জ্য করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সংগ্রহ করেন। বাকিগুলো নালা-নর্দমা দিয়ে কর্ণফুলীতে গিয়ে পড়ে। এ বিষয়ে করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী দাবি করেন, নদীর দূষণ ঠেকাতে নালা থেকেও পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনা সংগ্রহ করেন।
গত জানুয়ারি মাসে চট্টগ্রামের অনুষ্ঠিত নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা-সংক্রান্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির সভায় কর্ণফুলী দূষণের জন্য সিটি করপোরেশনের ময়লা, ওয়াসার পয়োবর্জ্য এবং কলকারখানার দূষণকে দায়ী করা হয়। ওই সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছিলেন, এখনই যদি উদ্যোগ না নেওয়া যায় তাহলে বুড়িগঙ্গার মতো করুণ পরিণতি হতে পারে কর্ণফুলীর। কর্ণফুলীর দূষণের জন্য সিটি করপোরেশন, ওয়াসা এবং বিভিন্ন কারখানাকে দায়ী করে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছুল আলম। ওই সভায় তিনি জানান, নদীদূষণের জন্য ১৩৩টি কলকারখানা দায়ী। এর মধ্যে ১২৩টি কারখানার কাগজ-কলমে বর্জ্য শোধনাগার থাকলেও সব সময় তা চালু থাকে না।
সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির সভাপতি নূর হোসেন বলেন, দূষণের কারণে কর্ণফুলীতে এখন আর মাছ নেই বললেই চলে। বড় নৌকার জেলেরা এখন আর কর্ণফুলীতে যান না। ছোট নৌকার জেলেরাই মূলত মাছ ধরতে যান এই নদীতে।