দেখতে দেখতে ভাঙল বাঁধটি, ডুবে গেল গ্রামের পর গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হইচই শুনে ঘুম ভাঙল। ঘুমভাঙা চোখে দৌড়ে গেলাম। দেখি বাঁধের সামান্য অংশে ধস। সেখানে কেউ বালুর বস্তা ফেলছেন, কেউ কোদাল দিয়ে মাটি ফেলছেন। কয়েক শ মানুষ বাঁধ রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু ধসে যাওয়া অংশ ধীরে ধীরে বড় হচ্ছে। হঠাৎ বিকট শব্দে বিধ্বস্ত অংশ বিলীন হলো। দেখতে দেখতে বাঁধের বিশাল অংশও ভেঙে গেল। ডুবে গেল গ্রামের পর গ্রাম। কিছুই করতে পারলাম না’। এভাবেই গতকাল শুক্রবার দুপুরে কথাগুলো বলছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের কৃষক রেজাউল মিয়া (৫০)।

একই গ্রামের কৃষক আলম সরকার (৫৫) বলেন, ‘খেয়ে না খেয়ে দিন-রাত বাঁধ রক্ষায় কাজ করলাম। কিন্তু রক্ষা করতে পারলাম না। চোখের সামনে বাঁধ ভেঙে গেল। দেখতে দেখতে আমার ৬ বিঘা জমির রোপা আমন, ঘরবাড়ি ডুবে গেল।’ ব্যবসায়ী মনজুর হাবীব অভিযোগ করেন, চার বছর ধরে পাউবোকে বাঁধটি সংস্কারের জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু পাউবো কোনো পদক্ষেপ নেয়নি। পাউবোর গাফিলতির কারণেই বাঁধটি ভেঙে গেল। পার্শ্ববর্তী পুনতাইর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর বন্যার আগে এলাকার লোকজন বাঁধ রক্ষার চেষ্টা করে। এবার সব চেষ্টা বিফল হয়ে ব্যাপক ক্ষতি হলো।

বালুয়া গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, গত সোমবার বাঙ্গালী নদীর পানির চাপে বন্যানিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থান ধসে যায়। বাঁধটি রক্ষায় উদ্যোগ নেন এলাকাবাসী। তাঁরা টানা পাঁচ দিন ধরে বালুর বস্তা ফেলে ও মাটি দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করেন। এমনকি সারা রাত জেনারেটরের মাধ্যমে বাতি জ্বালিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করে ব্যর্থ হন তাঁরা। শুক্রবার ভোররাতে বাঙ্গালী নদীর পানির চাপে বাঁধটির বিশাল অংশ ভেঙে যায়। ফলে গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হয়। ইউনিয়নগুলো হচ্ছে মহিমাগঞ্জ, কোচাশহর, শালমারা, শিবপুর ও রাখালবুরুজ।

পানির স্রোতে শুধু বালুয়া গ্রামেই দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার রোপা আমন ধান, আখ, শাকসবজিসহ বিভিন্ন ফসলের খেত।

গতকাল বিকেলে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান প্রথম আলোকে বলেন, ‘বাঙ্গালী নদীর তীর প্রতিরক্ষায় বাঁধটি নির্মাণ করা হয়। প্রায় চার বছর আগে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়। এরপর পাউবোকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আমার উদ্যোগে স্থানীয় লোকজন বাঁধটি পুনর্নির্মাণ করে।’

এদিকে গতকাল দুপুরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ, গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, গাফিলতির অভিযোগ ঠিক নয়।