দেখা মিলল গেছো তুলিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেছো তুলিকা। গত ২০ অক্টোবর, রাজশাহীতে।  ছবি: হাসনাত রনী
গেছো তুলিকা। গত ২০ অক্টোবর, রাজশাহীতে। ছবি: হাসনাত রনী

উনিশ শতকে ঢাকা বিভাগে ছিল বলে একটি তথ্য পাখি বিশেষজ্ঞদের হাতে রয়েছে। এখন নেই। পাখিটির নাম গেছো তুলিকা। ইংরেজি নাম ট্রি–পিপিট।

হাসনাত রনী রাজশাহী শহরের উপকণ্ঠের একটি গ্রামের বাবলাগাছ থেকে পাখিটির ছবি তুলেছেন। আরও কয়েক ধরনের তুলিকা রয়েছে, তাই বিভ্রান্তির আশঙ্কা ছিল। নিশ্চিত হওয়ার জন্য তিনি দেশ-বিদেশের বিভিন্ন পাখি বিশেষজ্ঞের কাছে এই পাখির ছবি পাঠান। টানা এক মাস পর ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ পল থম্পসন তাঁকে নিশ্চিত করেছেন, এটা ট্রি-পিপিট।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাখি বিশেষজ্ঞ মনিরুল হাসান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পাখিটার ছবি দেখে আমিও এটাকে গেছো তুলিকা বলে শনাক্ত করেছিলাম। আগে কেউ এটার ছবি তুলেছেন কি না জানি না। তবে হাসনাত রনীর এই ছবি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রেকর্ড।’

বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, পাখিটা ছিল কিন্তু আগে হয়তো কেউ ছবি তুলে নিশ্চিত করতে পারেননি। এ জন্য বলা যায়, একটা নতুন পাখি পাওয়া গেল।

গেছো তুলিকা
গেছো তুলিকা

এই পাখির চোখ বাদামি। বুক হলদে। এরা ভূ-চর। প্রাপ্তবয়স্ক এই পাখির পিঠ ফিকে জলপাই-বাদামি, কালচে বাদামি ডোরা আছে। ডানার বড় ঢাকনি, গোড়ার পালক ও মধ্য পালকের বেড় পীতাভ। লেজের বাইরের পালক সাদা-ওপরের কালচে প্রান্তদেশসহ ভ্রুরেখা পীতাভ-সাদা। চক্ষুডোরা অস্পষ্ট কালচে। বুক হালকা পীত-হলুদ, কালো লম্বালম্বি দাগ আছে। পেট সাদা। ঠোঁট দুরঙা। পা ও পায়ের পাতা কিছুটা বাদামি-মেটে। ছেলে ও মেয়েপাখির চেহারা অভিন্ন। শীতে উন্মুক্ত বনভূমি এবং শীত মৌসুমে আবাদি জমি ও চারা গাছে বিচরণ করে। সচরাচর একা, জোড়ায় কিংবা ছোট বিচ্ছিন্ন ঝাঁকে থাকে। ঘাসের মাঠে ঝরা পাতা উল্টে এবং নিচু উদ্ভিদে খাবার খোঁজে। এদের খাদ্যতালিকায় রয়েছে পোকা, বীজ ও রসাল ফল। সাইবেরিয়া ও হিমালয়ের পশ্চিমাঞ্চলে ঘাসের গোছা কিংবা পাথরের নিচে প্রাকৃতিক গর্তে ঘাসের ডাঁটা দিয়ে বাটির মতো পরিপাটি বাসা বানিয়ে এরা চার থেকে ছয়টি ডিম পাড়ে। এদের বিচরণ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও সাইবেরিয়ায়। শীত মৌসুমে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এর বৈশ্বিক বিস্তৃতি রয়েছে।

হাসনাত রনী ২০ অক্টোবর সকাল পাখিটাকে ক্যামেরাবন্দী করেন। এর আগে তিনি মোট চার ধরনের তুলিকার ছবি তুলেছেন। এই পাখির আচরণ তাদের সঙ্গে মেলে না। ভাবেন, এটা সেই ট্রি-পিপিট নয়তো?

তোলা ছবিগুলো তিনি ফেসবুক গ্রুপ বার্ডস বাংলাদেশ–এ দেন। দুজন পাখি বিশেষজ্ঞ তাঁকে কিছুটা নিশ্চিত করেন। আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি ছবিগুলো ব্রিটিশ পাখি বিশেষজ্ঞ পল থম্পসনের কাছে পাঠান।

গতকাল মঙ্গলবার প্রায় এক মাস পরে পল থম্পসন ই-মেইল পাঠান। তিনি লিখেছেন, ইউ উইল বি প্লিজড টু নো দ্যাট ইউর পিপিট হ্যাজ বিন কনফার্মড অ্যাজ ট্রি–পিপিট।