খর্বকায় শিশুর হার হ্রাসের ক্ষেত্রে যে ছয়টি দেশে ব্যাপক অগ্রগতি হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ একটি। বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। তালিকার অন্য দেশগুলো হচ্ছে কম্বোডিয়া, ইথিওপিয়া, ঘানা, ভারত ও কেনিয়া।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বুধবার ২০১৫ সালের বৈশ্বিক পুষ্টি প্রতিবেদন প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (ইফপ্রি) তৈরি এই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বর্তমানে পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশু খর্বকায়। ২০১১ সালে ৪১ শতাংশ শিশু খর্বকায় ছিল। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত গড় বাৎসরিক খর্বতা হ্রাসের হার ২ দশমিক ৭ শতাংশ বিন্দু (পার্সেন্ট পয়েন্ট)।
অনুষ্ঠানে বৈশ্বিক পুষ্টি প্রতিবেদনের মূল বিষয় উপস্থাপন করেন ইফপ্রির জ্যেষ্ঠ রিসার্চ ফেলো লরেন্স হাদাদ। তাতে বলা হয়, অপুষ্টিতে নানাভাবে আক্রান্ত মানুষের মোট সংখ্যা সরলভাবে গণনা করা সম্ভব নয়। কারণ একজন মানুষ একাধিক ধরনের অপুষ্টিতে ভুগতে পারে। তবু বিশ্বব্যাপী অপুষ্টির ব্যাপকতা ভয়াবহ। ২০০ কোটি মানুষ অনুপুষ্টি-কণার (মাইক্রোনিউট্রিয়েন্ট) অভাবজনিত অপুষ্টিতে ভুগছে। ১৯০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলকায় বা অতিশয় মোটা। পাঁচ বছরের কম বয়সী ১৬ কোটি ১০ লাখ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম, ৫ কোটি ১০ লাখ শিশুর উচ্চতার তুলনায় ওজন কম। আনুমানিক ৭৯ কোটি ৪০ লাখ মানুষ ক্যালরি ঘাটতিতে রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী প্রতি ১২ জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ১৪ শতাংশ শিশুর উচ্চতার তুলনায় ওজন কম। জন্মের পর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ খাওয়ানো হয় ৫৫ শতাংশ শিশুকে। ২০০৬ সালের হিসাব দিয়ে বলা হয়েছে, দেশে ২২ শতাংশ নবজাতক প্রয়োজনের চেয়ে (আড়াই কেজি) কম ওজন নিয়ে জন্মায়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি ও খাদ্য নিরাপত্তা কেন্দ্রের পরিচালক তাহমিদ আহমেদ বলেন, খর্বতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অর্জন খারাপ নয়। তবে কিছু চ্যালেঞ্জ এখন দেখা দিচ্ছে। নারীদের মধ্যে স্থূলতা উদ্বেগজনকভাবে বাড়ছে। ডায়াবেটিস, হৃদ্রোগ ইত্যাদি অপুষ্টিজনিত রোগ। এ ব্যাপারে মানুষকে সচেতন করার ব্যাপক উদ্যোগ নিতে হবে।
অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, গ্রাম ও শহরের, ধনী ও দরিদ্রের, শিক্ষিত ও নিরক্ষর মানুষের পুষ্টি পরিস্থিতির পৃথক পৃথক পরিসংখ্যান দরকার। নগরায়ণ প্রক্রিয়ার সঙ্গে অপুষ্টির সম্পর্ক আছে। পুষ্টি হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিষয়। সুতরাং পুষ্টির উন্নতি করতে হলে বহু খাতভিত্তিক উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে অর্থ প্রতিমন্ত্রী মুহাম্মদ আবদুল মান্নান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের উপস্থিত ছিলেন।