দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে
মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় আজ মঙ্গলবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬৬, সন্দ্বীপে ৪৯, রাঙ্গামাটিতে ৫২, সিলেটে ৪০, রাজারহাটে ৪৬, তেঁতুলিয়ায় ৩১, পটুয়াখালীতে ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙ্গামাটিতে সর্বনিন্ম ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।