দেশের ৫০ শতাংশ ইটভাটা অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৯ হাজার ৭০০টি ইটভাটার অর্ধেকই অবৈধ। সরকার ইটভাটাগুলোর জন্য যে আধুনিক প্রযুক্তি নির্ধারণ করে দিয়েছে, অবৈধ ভাটাগুলো তা মানছে না। তারা অবৈধ ড্রাম চিমনি ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিতে ইট পোড়াচ্ছে। লোকালয়ে ইটভাটা স্থাপনের নিয়ম না থাকলেও, বেশির ভাগ ভাটা স্থাপন করা হয়েছে বসতবাড়ি, গ্রাম-গঞ্জ ও শহর এলাকা এবং কৃষিজমিতে।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার রাজধানীর পবা কার্যালয়ে অনুষ্ঠিত ‘ইটভাটার দূষণ: হুমকিতে পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান।

গবেষণার ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সরোয়ার ইমতিয়াজ হাসমী প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিতভাবে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তবে অনেক ইটভাটার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। এ ছাড়া ধোঁয়ামুক্ত উন্নত ইটভাটা নির্মাণের প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আমাদের গবেষণা চলছে।’

পবার মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোর মতো এ বছরও পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই দেশের বিভিন্ন ভাটায় ইট পোড়ানো হচ্ছে। উপকূলীয়, পাহাড়ি, বরেন্দ্র এলাকা, চর এলাকার জেলাগুলোতে ড্রাম চিমনিবিশিষ্ট ইটভাটা বেশি রয়েছে ও স্থাপনের মহোৎসব চলছে। সে বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সম্পূর্ণ নীরব এবং কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। অথচ ২০০১ সাল থেকে ড্রাম চিমনির ইটভাটা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ইটভাটার সংখ্যা ৬ হাজার ৭৭০টি। এর মধ্যে ৪ হাজার ১০৮টি উন্নত জিগজ্যাগ প্রযুক্তির, ২ হাজার ৫৪১টি ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভাটা এবং ১২১টি এইচএইচকে ও টানেল ভাটা।

কিন্তু পবার মাঠপর্যায়ের তথ্যমতে, দেশে বর্তমানে ইটভাটার সংখ্যা প্রায় ৯ হাজার ৭০০টি। এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০টির বেশি ড্রাম চিমনিবিশিষ্ট, ৪ হাজার ৭০০টি উন্নত জিগজ্যাগ, ৩ হাজার ৭৫টি ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভাটা এবং ১২৫টি এইচএইচকে ও টানেল ভাটা। ৪ হাজার ৮২৫টি ইটভাটার পরিবেশগত ছাড়পত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স রয়েছে।

পবার প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে পরিবেশ অধিদপ্তরের নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের আওতায় নরওয়ে ইনস্টিটিউট অব এয়ার রিসার্চের মাধ্যমে পরিচালিত জরিপে দেখা গেছে, ঢাকার চারপাশে নভেম্বর থেকে চালু হওয়া ইটভাটাগুলো ঢাকার বায়ুদূষণের জন্য ৫৮ শতাংশ দায়ী। ঢাকার বাতাসে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তুকণা, ক্ষুদ্র বস্তুকণা ও ÿক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা দিন দিন বাড়ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি উপাদানের পরিমাণ স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার গুণ বেশি থাকে।

প্রতিবেদনে বলা হয়, ২৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বায়ুমান সূচক ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। বায়ুদূষণের বর্তমান হার অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ নারায়ণগঞ্জ ও গাজীপুরকে দিল্লির মতো ধোঁয়াশাজনিত দূষণে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। গত নভেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লি ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়। স্কুল বন্ধ, ফ্লাইট বাতিল, ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে।