দেশের ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ঢাকা, চট্টগ্রামসহ দেশের ছয় বিভাগে আজ রোববার বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে।
রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
তবে আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাজধানীতে আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, সিলেট ও ময়মনসিংহ এলাকায় বৃষ্টি হলে তার রেশ অনেক সময় নিচের দিকে নামতে থাকে। সে কারণে ঢাকার পার্শ্ববর্তী এলাকা, যেমন নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাজারহাটে, ৮৬ মিলিমিটার।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায়, ২১ ডিগ্রি সেলসিয়াস।