দৌলতদিয়া-পাটুরিয়ায় এখনো পারাপার স্বাভাবিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার এই ভাঙনে দৌলতদিয়ার ফেরিঘাট এখন ঝুঁকিতে। ছবিটি গতকাল রোববার সন্ধ্যার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক
পদ্মার এই ভাঙনে দৌলতদিয়ার ফেরিঘাট এখন ঝুঁকিতে। ছবিটি গতকাল রোববার সন্ধ্যার দিকে তোলা। ছবি: এম রাশেদুল হক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবারও যানবাহন পারাপার স্বাভাবিক হয়নি। তীব্র স্রোতে¯গতকাল রোববার রাতে ফেরি চলাচল ব্যাহত হয়। এতে যানবাহন ও যাত্রী পারাপারে দুর্ভোগ চলছেই।

পদ্মার ভাঙনে সংযোগ সড়কের অনেকটা অংশ বিলীন হওয়ায় রাত ১০টার দিকে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ২ ও ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে যায়। দীর্ঘ চেষ্টার পর আজ সকাল নয়টার দিকে কর্তৃপক্ষ ৩ নম্বর ঘাটটি চালু করেছে। ২ নম্বর ঘাট এখনো বন্ধ। দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ না থাকলেও পাটুরিয়া ঘাটে এখনো যানবাহন ও মানুষের চাপ রয়েছে। তাই পারাপার স্বাভাবিক হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, গত শনিবার দুপুরে হেলিকপ্টারে করে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান দৌলতদিয়ায় পৌঁছান। প্রথমে তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। বেলা তিনটার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাঙন পরিদর্শন করেন। তিনি দৌলতদিয়া ঘাট ত্যাগ করার পর ভাঙনে ৩ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। পরে কর্তৃপক্ষ ঘাট থেকে প্রায় ২০০ গজ পূর্বে বিকল্প ঘাট তৈরি করে যানবাহন পারাপারের ব্যবস্থা করে। ওই দিন প্রায় সাত ঘণ্টা পর রাত ১০টার দিকে ফের ভাঙনে ঘাটটি বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ২ নম্বর ঘাটের র‌্যামের নিচের সংযোগ সড়কের বেশ কিছু অংশ বিলীন হলে এটিও বন্ধ হয়ে যায়। আজ সকাল নয়টার দিকে ৩ নম্বর ঘাটটি চালু হলেও এখনো ২ নম্বর ঘাটটি বন্ধ। এ সময় ১ ও ৪ নম্বর ঘাট দিয়ে কোনো রকম খুঁড়িয়ে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়।
এদিকে ভাঙন ঠেকাতে গতকাল দুপুর থেকে ৪ নম্বর ফেরিঘাট থেকে ৩৫০ মিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সন্ধ্যার দিকে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, পাউবোর রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল কাজের তদারক করেন।
এ সময় সাংসদ কাজী কেরামত আলী বলেন, যেকোনো উপায়ে ভাঙন ঠেকাতে হবে। তা না হলে দৌলতদিয়ার ফেরিঘাট রাখা সম্ভব হবে না। এ জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ভাঙন অব্যাহত থাকায় সব কটি ঘাট বেশ ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছে। ভাঙন ঠেকাতে গতকাল দুপুর থেকে পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। এর মধ্যেও গতকাল রাতে একসঙ্গে দুটি ঘাট বন্ধ হয়ে যায়। সকালে একটি চালু হলেও অপরটি এখনো বন্ধ।