দোহারে পদ্মায় বিলীন ১০০ ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পদ্মায় বিলীন হচ্ছে। চার দিনে তীব্র ভাঙনে প্রায় ১০০ ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। 
এলাকাবাসী দাবি করেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে দোহারে এক জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন ঠেকাতে পদ্মা রক্ষা বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি আবার ক্ষমতায় আসার পর আজ অবধি নদীপারের মানুষকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, ‘শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান এবং বর্তমান সাংসদ সালমা ইসলাম—সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউই কাজ দেখাচ্ছেন না। এখন সৃষ্টিকর্তার ওপরই সব ছেড়ে দিয়েছে এলাকার মানুষ।’
এ ব্যাপারে স্থানীয় সাংসদ সালমা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওয়াদা দিয়েছি, ভোট নিয়েছি। কাজটা শুরু করতে না পারায় ওই মানুষগুলোর কাছে যেতেও কষ্ট লাগে। তবে পানিসম্পদ মন্ত্রণালয় ও জলবায়ু তহবিল থেকে দোহারের পদ্মা রক্ষা বেড়িবাঁধ তৈরি করতে একটি পত্র (ডিও লেটার) দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব কাজটি করতে চাই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার পানি বেড়ে যাওয়ায় নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রাঘাট ও দেওয়ানবাড়ির মোড় এলাকায় গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত প্রায় এক শ ঘরবাড়ি ও দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে চলতি বছর দেড় শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে সব হারিয়েছে। এ ছাড়া দোহার কাঁশিয়াখালী বেড়িবাঁধের বাহ্রাঘাট এলাকা হুমকির মুখে রয়েছে। স্রোতের চাপে যেকোনো সময় বাঁধ ধসে পড়তে পারে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধ এলাকার কয়েক হাজার পরিবার।
সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকার মানুষ স্থাপনা সরাতে ছোটাছুটি করছেন। কেউ ঘরবাড়ি সরানোর কাজে ব্যস্ত। কেউ আবার গাছপালা কাটছেন। দু-একজন চলে যাচ্ছেন অজানা গন্তব্যে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন জানান, পানি বেড়ে যাওয়ায় রোববার সন্ধ্যা থেকে পদ্মা হয়ে ওঠে আগ্রাসী। বেশ কিছু ঘরবাড়ি ও দোকান নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর কাছাকাছি যাঁদের ঘরবাড়ি, তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘরবাড়ি ও মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন।
ধোয়াইর গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দোহারে তাঁর নির্বাচনী সভায় দোহার-নবাবগঞ্জবাসীকে পদ্মার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু ছয় বছরেও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আমরা জনগণের কাছে লজ্জিত।’ নির্মল রঞ্জন বলেন, বাঁধ নির্মাণে তিনি বিভিন্ন দপ্তরে চেষ্টা-তদবির করছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘দোহারে পদ্মার ভাঙন নিয়ে আমরা সত্যিই আতঙ্কিত। বিষয়টি সরকারের উচ্চ পর্যায় ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে।’