দৌলতপুরে বন্যায় দিশেহারা মানুষ

উঠানে বুকপানি। ঘরের ভেতরও হাঁটুপানি। আশপাশে কোথাও যাওয়ার জায়গা নেই। চার দিন ধরে ঘরের মধ্যে মাচা পেতে কোনোরকমে দিন কাটছে বৃদ্ধ দম্পতি জামেলা বিবি ও শুকুর শেখের। কোনো ত্রাণসহায়তাও পাননি তাঁরা।
ওই দম্পতির বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে। জামেলার স্বামী দিনমজুর। বন্যায় সবকিছু তলিয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন। তাঁদের মতো অবস্থা এই উপজেলার আরও অনেক বানভাসি মানুষের।
জামেলা বিবি বলেন, ‘ছেলেপেলে বিয়ে কইরে দূরে চইলে গেছে। আমরা দুই বুড়াবুড়ি হাঁস-মুরগি পাইলে চলি। বানের পানিতে ভাসছি। একমুঠ চাইলও কেউ দিল না। মেম্বার-চেয়ারম্যানরাও আইল না। ঘরে চাল আছিল তাও পেরাই (প্রায়) শেষ হইয়া গেছে।’
দৌলতপুরের আটটি ইউনিয়নের প্রায় সবগুলোই বন্যায় প্লাবিত। তবে বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী ও জিয়নপুর ইউনিয়নে বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ। যমুনার তীরবর্তী এসব ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সরেজমিনে এসব ইউনিয়নের বানভাসি মানুষের দুর্দশার চিত্র দেখা গেছে।
গতকাল দুপুর ১২টায় বাঘুটিয়া বাজারে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক এবং স্থানীয় ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। ত্রাণ দিতে গিয়ে তাঁরা বেকায়দায় পড়েন। ত্রাণ না পেয়ে অনেকে ফিরে যান। কেউ কেউ জনপ্রতিনিধিদের ভর্ৎসনাও করেন।
বেলা দুইটার দিকে পারুরিয়া গ্রামে দেখা যায়, নদীর পাড়ে নৌকা আসতে দেখেই নারী, পুরুষ থেকে শুরু করে শিশুরাও দৌড়ে তীরে আসে। তাঁদের ধারণা, নৌকায় করে এই বুঝি কেউ ত্রাণ নিয়ে এসেছে। তবে নৌকা তীরে আসার পর তাঁদের আশা ভঙ্গ হয়। একই দৃশ্য দেখা গেল বাঘুটিয়া ইউনিয়নের বাসাইল, বাচামারা ইউনিয়নের হাজিপাড়া, কাচারিপাড়া এবং জিয়নপুর ইউনিয়নের বৈন্য এলাকায়ও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বন্যায় উপজেলার যমুনা নদী-তীরবর্তী চরকাটারী, বাঘুটিয়া, বাচামারা ও জিয়নপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ৯০০টি পরিবারের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে। ৩ হাজার ১০০ বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া চরকাটারী ইউনিয়ন পরিষদ ভবন, তিনটি মসজিদ, একটি বাজার, একটি মাধ্যমিক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় নদীগর্ভে চলে গেছে। বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৫ হাজার ২৪৭ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি পুকুর ও জলাশয়ের মাছ পানিতে ভেসে গেছে। খলসি ইউনিয়ন ও জিয়নপুর ইউনিয়নে দুটি পাকা সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। অসংখ্য কাঁচা রাস্তাও ভেঙে গেছে।
সকালে বাচামারা ইউনিয়নের বাচামারা উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেল, বসতবাড়ি তলিয়ে যাওয়ায় আশপাশের ৫৯টি পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে। আশ্রয় নেওয়া গোপাল শেখ (৭০) গতকাল ভোরে মারা যান। তাঁর বাড়ি বাচামারা গ্রামেই। স্ত্রী, দুই ছেলে, ছেলেদের বউ, নাতিনাতনিসহ আটজন ওই আশ্রয়কেন্দ্রে গত মঙ্গলবার আশ্রয় নেন।
মৃত গোপালের ছোট ছেলে হেলাল শেখ বলেন, ‘বন্যায় ঘরবাড়িত পানি উইঠে গেছে। পরিবার ও গরু-ছাগল নিয়া আছি বিপদে। সবকিছু পানিত তলিয়ে গেছে। কাম-কাজ নাই, এক বেলা খাবার জোটে তো আরেক বেলা না খাইয়্যা তাহি। এরই মধ্যে বাবাডা মারা গেল। সবহানে পানি, কোথাও দাফনের জায়গা পাইতেছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, এ উপজেলায় এ পর্যন্ত ৪৩ দশমিক ১৪ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে ৩৩ দশমিক ১৪ মেট্রিক চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তাঁদের আরও ত্রাণসহায়তা দেওয়া হবে।