দ্রুত পানি বাড়ছে নদীতে কুড়িগ্রামে আগাম বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধরলা নদীর পানি বেড়ে গেছে। এতে তলিয়ে গেছে চরাঞ্চলের অনেক সবজিখেত। ছবিটি গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকা থেকে তোলা l প্রথম আলো
বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধরলা নদীর পানি বেড়ে গেছে। এতে তলিয়ে গেছে চরাঞ্চলের অনেক সবজিখেত। ছবিটি গতকাল কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকা থেকে তোলা l প্রথম আলো

উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসলের খেত।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৬০ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ধরলার সেতু পয়েন্টে বিপৎসীমা ২৬ দশমিক ৫০ সেন্টিমিটার; গতকাল বৃহস্পতিবার সকালে পানি তার চেয়ে মাত্র দশমিক ৩৩ সেন্টিমিটার নিচ নিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় ধরলার সেতু পয়েন্টে ৩৫ মিলিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে ৪৫ মিলিমিটার ও ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাফুজার রহমান বলেন, ‘পানি দ্রুত বাড়ছে। ধরলা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।’
পাউবো, কৃষি কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদরের পাঁচগাছি, যাত্রাপুর, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের নদ-নদীতীরবর্তী বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকার প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এলাকার প্রায় ৫০০ হেক্টর জমির পটোল, ঢ্যাঁড়স, করলাসহ গ্রীষ্মকালীন বিভিন্ন সবজিখেত পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া আমন ধানের বীজতলা, পাট, কলাসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মৌসুম শেষ না হতেই সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কৃষক আমজাদ বলেন, ‘হঠাৎ বন্যায় হামার সউগ শ্যাষ হয়া গেইছে। দেড় একর জমিত পটোল চাষ করছি। খেত তলে গেইছে। এই পটোল বেঁচে হামরা সংসার চলাই। এ্যালা কী হইবে?’ সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কৃষক মজিবর রহমান বলেন, ‘বাণিজ্যিকভাবে লালশাক, পুঁইশাক তো গেছে, পটোল চাষে পুঁজি বিনিয়োগ করেছিলাম। এখন লাভ তো দূরের কথা, আসলই ঘরে তুলতে পারলাম না। এরই মধ্যে লালশাক, পুঁইশাক শেষ। পানি ওঠায় পটোলখেতও যায় যায়।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীতে পানি বাড়ায় তীরবর্তী জমিগুলোর সবজিখেত তলিয়ে গেছে। আমরা ক্ষতি পুষিয়ে নিতে পানি নামার পর কৃষকদের স্বল্পমেয়াদি সবজি চাষের পরামর্শ দিচ্ছি।’