ধলাগলা ছাতিঘুরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পুকুরের ধারে শেওড়াগাছে ভারি চঞ্চল প্রকৃতির এক পাখি সুন্দরভাবে একটি বাসা তৈরি করেছিল। বাসা বানানোর জন্য একটি পাখি সব সময় ঠোঁটে করে নারকেলের আঁশ, মাকড়সার জাল, সরু ঘাস নিয়ে আসত। পেছনে পেছনে উড়ে আসত অন্য পাখিটি। এক সপ্তাহের মধ্যেই বাসা তৈরি শেষ করে তারপর তিনটি ডিম দিল। একটি পাখি ডিমে তা দিত আর অন্যটি কাছের ডালেই বসে থাকত। স্ত্রী পাখিটিই বেশি সময় ডিমে তা দিত। পুরুষ পাখি ২০-৩০ মিনিট পরপর বিরতি দিত। বাসায় বসে পাখি দুটি খুবই সুরেলা কণ্ঠে গান গাইত। পাখিটির নাম ধলাগলা ছাতিঘুরানি। পৃথিবীতে ৪২ প্রজাতির ছাতিঘুরানি থাকলেও আমাদের দেশে মাত্র একটি প্রজাতিই আছে।

অনেক দিন পর একটি বাঁশঝাড়ে চোখে পড়ে ধলাগলা ছাতিঘুরানি পাখির বাসা। বাঁশঝাড়ের এক কঞ্চির মাথায় বাসা বানিয়েছে। ছাতিঘুরানি বাংলার গাঁও-গ্রামের ছোটখাটো ঝোপ, আমবাগান, বাঁশবাগানের আড়ালে-আবডালে চঞ্চলভাবে লেজ ছাতির মতো মেলে ধরে, আবার পলকেই সংকুচিত করে এ ডাল থেকে ও ডালে মিষ্টি সুরে ডাক দিয়ে উড়ে বেড়ায়। আর সেই সঙ্গে চলে উড়ন্ত পোকামাকড় ধরা।

এ পাখির বৈজ্ঞানিক নাম rhipidura albicollis। ইংরেজি নাম White-throated Fantail। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। ঠোঁট ও পা কালো। দেহের পালক স্লেট ধূসর। মাথার দুই পাশে কপোল থেকে চোখের ওপর দিয়ে গ্রীবা পর্যন্ত সরু সাদা দাগ আছে। গলার নিচে ও লেজের আগার নিচের দিকে সাদা পালক থাকে। বসন্ত প্রেমের দিন, গ্রীষ্মে বাসা বাঁধে। গাছের সরু দুই ডালের মাঝে পেয়ালা আকৃতির বাসা। কিছুটা অন্ধকার আছে এমন জায়গায় মাটি থেকে দু-তিন মিটার ওপরের কোনো গাছে বাসা বানায়। বাঁশবাগান, আমবাগান ও শেওড়াগাছেই বেশি বাসা করে। ১২ থেকে ১৪ দিনের মধ্যে ডিম থেকে ছানা ফোটে। পাখিটির অন্য নাম লেজনাচুনি। লোকালয়ের কাছের ঝোপঝাড়ের গাছে পাখিটি লেজ নাচিয়ে নাচিয়ে ডিগবাজি দিয়ে চলে। ঢাকার মধ্যাঞ্চল ও দেশের দক্ষিণাঞ্চলে এই পাখি বেশি দেখা যায়। সিলেট বিভাগে কম দেখা যায়। দেশের বাইরে ভারত, নেপাল, চীন, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দো–চীন, পাকিস্তানে এ পাখি দেখা যায়। ক্ষতিকর পোকা খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে।