ধান ও পাম চাষের কারণে হুমকিতে ম্যানগ্রোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে ধান ও পাম গাছের চাষের কা​রণে ম্যানগ্রোভ বন হুমকির মুখে পড়েছে। ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত উজাড় হওয়া ম্যানগ্রোভ বনের ৩৮ শতাংশই উজাড় হয়েছে ধান ও পাম চাষের কারণে।

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও ব্রুনাইয়ের ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ে এ গবেষণা চালানো হয়। তবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল না। ১০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের বড় অংশই বাংলাদেশে অবস্থিত। অবশিষ্ট অংশ অবস্থিত ভারতে।
গবেষণা পরিচালনাকারীদের একজন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহ-লেখক ডেনিয়েল রিচার্ডস বলেন, ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার মূল কারণ মৎস্য চাষ। বিশেষ করে থাইল্যান্ডে ও ফিলিপাইনে।
বিবিসিকে রিচার্ডস বলেন, ‘বিশ্বের আটটি দেশে ১৯৭০ এর দশক থেকে একবিংশ শতাব্দীর প্রথমদিক পর্যন্ত সময়ে মাছ চাষ বিশেষ করে চিংড়ি চাষ ছিল ম্যানগ্রোভ বন উজাড় হওয়ার বড় কারণ। ওই সময় ম্যানগ্রোভ বন উজাড় করে এর ৫৪ শতাংশ জায়গায় পুকুর কেটে চিংড়িসহ নানা ধরনের মাছ চাষ করা হয়।’
গবেষণায় দেখা গেছে, ম্যানগ্রোভ বন উজাড় হওয়ার ক্ষেত্রে এখনো অন্যতম কারণ মৎস্যচাষ। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত উজাড় করে ফেলা বনের ৩০ শতাংশ জায়গায় মাছ চাষ করা হয়। অন্যদিকে ধান ও পাম গাছ চাষের ক্ষতি প্রভাব ছিল আমাদের ধারণার বাইরে।’ গবেষণার তথ্য অনুযায়ী, এই সময়ে মিয়ানমারে ম্যানগ্রোভ বনের প্রায় ২৫ হাজার হেক্টর উজাড় করে সেখানে ধান চাষ করা হয়। আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় উজাড় করা মোট ম্যানগ্রোভ বনাঞ্চলের ১৬ শতাংশ অঞ্চলের পাম গাছ চাষ করা হয়।
ড. রিচার্ডস ও তাঁর সহকর্মী ডেনিয়েল ফ্রিস বলেন, এক সময় ম্যানগ্রোভ বন ছিল কিন্তু এখন তা আবাদি জমিতে পরিণত করা হয়েছে—এমন এলাকা দেখতে তাঁরা গুগল আর্থ মানচিত্রের সহায়তা নিয়েছেন। তাঁরা ম্যানগ্রোভ বনাঞ্চলের তিন হাজারের বেশি স্থানে বন উজাড় হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন।