ধীরগতিতে এগোচ্ছে গভীর নিম্নচাপ
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির অবস্থান খুব একটা নড়চড় হয়নি। বেশ ধীরগতিতে এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এই নিম্নচাপ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। তাই এটি সাইক্লোনে পরিণত হবে কি না, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।