ধুনটে ১২টি গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর পানি বেড়ে গতকাল রোববার বগুড়ার ধুনট উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেব বলেন, কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রোববার পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি বৃদ্ধিতে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি, রাধানগর, বৈশাখী, বথুয়ারভিটা, বানিয়াজান, উত্তর শহড়াবাড়ি, দক্ষিণ শহড়াবাড়ি, কৈয়াগাড়ি, রঘুনাথপুর, ভুততবাড়ি, পুকুরিয়া ও মাধবডাঙ্গাসহ ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।
বন্যাকবলিত এসব এলাকার অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। এ ছাড়া বৈশাখী, রাধানগর, শিমুলবাড়ি, শহড়াবাড়ি ও কৈয়াগাড়ির পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বন্যার পানি প্রবেশ করায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে।
গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, বন্যাকবলিত এলাকার মানুষের বাড়িঘরে পানি। তারা গবাদিপশুসহ মালামাল নিয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। অনেকে দু-চারটি টিন দিয়ে বাঁধে ছোট ঘর তুলে ঘুমানোর ব্যবস্থা করছেন।