
প্রতিদিন সূর্য ওঠার আগে তারা ঝাঁক বেঁধে উড়ে যায় খাবারের সন্ধানে। দুপুরের পর থেকেই ফিরে আসতে শুরু করে। আশ্রয় নেয় বিভিন্ন গাছের মগডালে। সেখানেই তাদের বাসস্থান, অভয়াশ্রম। এসব পাখি এখানেই বাসা বেঁধে নিরাপদে বাচ্চাদের জন্ম দেয়। এমন দৃশ্য চোখে পড়ে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর ভাঙন জনপদ এলাকার মাধবডাঙ্গা গ্রামে রবিউল হাসান ওরফে ভুটান সরকারের বাড়িতে।
৩ সেপ্টেম্বর বিকেলে সরেজমিনে দেখা গেল, ধুনট উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার পূর্বে যমুনা নদীর পশ্চিম পাশে পাখিদের অভয়াশ্রম রবিউল হাসানের সেই সূর্যমুখী বাড়ি। প্রায় চার একর আয়তনের বাড়িটির সামনে রয়েছে দুটি পুকুর। বাড়ির সামনে উঠান। পুকুরপাড়ে রয়েছে মেহগনি, তেঁতুল, কড়ইসহ নানা জাতের গাছ এবং পেছনের দিকে রয়েছে বিশাল আকারের বাঁশবাগান। সেসব জায়গাতেই হাজার হাজার পাখির অভয়াশ্রম। প্রতিদিন পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে বাড়ির চারপাশ। এসব পাখি প্রতিবছর গ্রীষ্মের শুরুতে সদলবলে এসে গাছের মগডালে বাসা বাঁধে, সেখানে বাচ্চা ফোটায়। এরপর বর্ষা, শরৎ, হেমন্ত পেরিয়ে শীত এলেই বাড়ি ছেড়ে চলে যায়। এলাকার মানুষের কাছে এটি পাখিবাড়ি নামে পরিচিত।
পাখিবাড়ির বাসিন্দা রবিউল হাসান বললেন, ২০-২২ বছর আগে চৈত্র মাসে হঠাৎ করে একদিন বিকেলবেলা একঝাঁক পাখি উড়ে এসে তাদের বাড়ির গাছের ডালে বসে। এরপর থেকে প্রতিদিন বাড়তেই থাকে পাখির সংখ্যা। প্রথম দিকে পাখিগুলো আশ্রয় নেয় বাড়ির সামনের দিকে পুকুরপাড়ে, একটি তেঁতুলগাছে। সেখানেই বাসা বেঁধে বাচ্চা ফোটায়। একসময় ছানাগুলো বড় হয়ে বাড়ির বিভিন্ন গাছে বাসা বাঁধে। শীত আসার আভাস পেয়ে একদিন সব একসঙ্গে উড়াল দিয়ে চলে যায়। এগুলোর মধ্যে রয়েছে পানকৌড়ি, বক, ঘুঘু, শালিকসহ বিভিন্ন জাতের দেশীয় পাখি।
ভুটান সরকারের বড় ভাই আবু হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের এই পুরোনো বাড়িটিতে বিভিন্ন প্রজাতির পাখি গাছের ডালে বাসা বেঁধে আশ্রয় নেয়। প্রথম দিকে পাখিদের মলের গন্ধ খারাপ লাগত। এখন পাখিদের সঙ্গে বাড়ির লোকজনের সম্পর্ক গড়ে উঠেছে। অজানা এক মায়ার টান তৈরি হয়েছে এদের সঙ্গে। প্রতিবছর পাখিরা শুধু এ বাড়িতেই বাসা বাঁধে। এই বাড়ির সীমানা ছেড়ে অন্য কোনো বাড়ির গাছে বসে না। এসব দেখে ভালো লাগে আমাদের। এখন পাখিরা চলে গেলে কষ্ট পাই। পাখিবাড়ি নামে পরিচিত এই বাড়ি দেখার জন্য প্রতিদিন দূরদূরান্তের অনেক মানুষ আসেন। পাখি দেখতে আসা অতিথিদের বলে দেওয়া হয়, যেন তাঁরা পাখিদের বিরক্ত না করেন। তবে মাঝেমধ্যে শিকারি এসে একটু ঝামেলা করতে চায়।
এ বাড়িতে পাখি দেখতে আসা আহসান হাবিব বললেন, যমুনা নদীর ভাঙন জনপদ এলাকায় এই বাড়ি পাখিদের অভয়াশ্রম হয়েছে। এ রকম দৃশ্য সচরাচর দেখা যায় না। গাছের সবুজ পাতার ভেতর ডালে ডালে বসা নানা রঙের অসংখ্য পাখির ওড়াউড়ি এবং বিচিত্র আওয়াজের ডাকাডাকিতে প্রাণটা ভরে ওঠে।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন তালুকদার বলেন, পাখিবাড়ির প্রতি সব সময় আলাদাভাবে নজর রাখা হয়েছে। কেউ পাখি শিকার করতে এলে তাদের আটক করে পুলিশকে জানানোর জন্য পাখিবাড়ির লোকজনকে বলা হয়েছে।