
ধুলা আর দূষণে ছেয়ে আছে চট্টগ্রাম শহর। বাতাসে বাড়ছে ক্ষতিকর বস্তুকণা। পরিবেশ অধিদপ্তর বলছে, গত পাঁচ বছরের মধ্যে এখন চট্টগ্রামের বাতাস সবচেয়ে দূষিত। এর শিকার মূলত শিশুরা। দূষণের কারণে শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম প্রতিবছর বিভিন্ন সময়ে এই নগরের বাতাসে দূষণের মাত্রা পরিমাপ করে থাকে। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত করা তাদের জরিপ বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিবছরই দূষণের মাত্রা বেড়েছে। ২০১২ সালের জরিপে বাতাসে সবচেয়ে বেশি ভাসমান বস্তুকণা (এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার) পাওয়া যায় নগরের বিআরটিসি এলাকায়। সেখানে দূষণের মাত্রা ছিল ৩৩৮ এসপিএম। বাতাসে দূষণের মাত্রা এসপিএমের পরিমাণ দিয়ে বোঝা যায়। মানুষের সহনীয় মাত্রা হচ্ছে ২০০ এসপিএম। ওই বছর সবচেয়ে কম ছিল আগ্রাবাদে (২৭০ এসপিএম)। আর এ বছর বাতাসে সবচেয়ে বেশি বস্তু ধূলিকণা পাওয়া গেছে (৪৫৬ এসপিএম) জিইসি মোড়ে; সবচেয়ে কম ৪১২ এসপিএম সিটি গেট এলাকায়।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রথম আলোকে বলেন, প্রতিবছর নগরায়ণ বাড়ছে। বায়ুদূষণও বাড়ছে। কলকারখানা ও নির্মাণকাজ বেড়ে যাচ্ছে। পাশাপাশি রাস্তাঘাট ভাঙাচোরা। এ কারণে দূষণ বেড়ে যাচ্ছে।
ইউনিসেফের এ বছরের সমীক্ষা অনুযায়ী, বিশ্বে প্রতি সাত শিশুর একজন দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে। বিশ্বের মোট শিশুর মধ্যে প্রায় ৩০ কোটি এমন এলাকায় বেড়ে উঠছে, যেখানকার বাতাস দূষিত। প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী ৬ লাখ শিশু মারা যায়। এসব মৃত্যুর বড় কারণ বায়ুদূষণ। বায়ুদূষণের শিকার শিশুর সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ায়, ৬২ কোটি; এরপর আফ্রিকায় ৫২ কোটি এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪৫ কোটি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখানকার বাতাস দ্রুত দূষিত হচ্ছে। কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা ও সালফার ডাই-অক্সাইডের প্রভাবে ফুসফুস, কিডনির জটিলতা ও হৃদরোগের ঝুঁকি রয়েছে। এ ছাড়া নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সিসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শিশুদের বুদ্ধিবৃত্তি বিকাশ ব্যাহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, শীত আসতে আসতে চট্টগ্রামে ধুলাবালু বেড়ে গেছে। এ কারণে শিশুদের শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ব্রঙ্কিউলাইটিস, শ্বাসতন্ত্রের প্রদাহ, অ্যাজমা অন্যান্য সময়ের চেয়ে বেড়ে গেছে। বর্তমানে এই ওয়ার্ডে ভর্তি মোট রোগীর এক-তৃতীয়াংশ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত।
চমেক শিশুস্বাস্থ্য বিভাগে গতকাল সোমবার মোট রোগী ভর্তি ছিল ১২৭ জন। এর মধ্যে প্রায় ৫০ জন শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে গতকাল শিশু ভর্তি ছিল প্রায় ২০০। এর মধ্যে ৩০ শতাংশ শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন রোগে আক্রান্ত বলে হাসপাতালের সহকারী পরিচালক আবু সাঈদ জানান। তাঁর মতে, শুকনো আবহাওয়া, ধুলাবালু ও ঠান্ডার কারণে মূলত শ্বাসকষ্টজনিত রোগ হয়। তবে ধুলাবালুর সমস্যাটা বড়।
বায়ুদূষণের কারণগুলোর মধ্যে যানবাহন ও কলকারখানার ধোঁয়া, সিমেন্ট কারখানা, বিভিন্ন ধরনের নির্মাণকাজ এবং ভাঙাচোরা সড়ক উল্লেখযোগ্য। চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে টাইগারপাস পর্যন্ত বর্তমানে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। এ কারণে ওই এলাকায় ধুলার পরিমাণ বেড়েছে। একইভাবে নগরের বারিক বিল্ডিং মোড় থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত ধুলার পরিমাণ বেশি।
রাস্তাঘাট ভাঙাচোরার কারণেও ধুলাবালু বাড়ছে বলে স্বীকার করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। তিনি বলেন, ‘আমরা প্রতিদিন ঝাড়ু দিচ্ছি। কিন্তু নগরজুড়ে নির্মাণকাজ চলছে। এ কাজ শেষ না হলে পরিস্থিতির উন্নতি হবে না।’
ধুলাবালুর কারণে অনেককে মুখে মাস্ক লাগিয়ে চলতে দেখা গেছে। নগরের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অনিবার হোসেন বলেছে, ‘আমাদের বাসা লালখান বাজারে। স্কুলে আসা-যাওয়ার পথে ধুলাবালু আর ধোঁয়া খেতে হয়। মুখে মাস্ক দিয়ে চলি।’
দামপাড়া এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী অনসূয়া অর্চি বলেছে, ‘ধুলার কারণে স্কুলে যেতে অনেক কষ্ট হয়। ফেরার পর গায়ে এত ধুলা থাকে যে গোসল না করলে হয় না। তবে ঠান্ডা লাগবে বলে মা গোসল করতে দেন না।’
জিইসি মোড়ে কথা হয় একজন রিকশাচালকের সঙ্গে। তিনি বলেন, সারা দিন ধুলা খেতে খেতে তাঁর পেট ফুলে যায়। রাতে কিছুই খেতে ইচ্ছা করে না। দূষণ কমানো যাঁদের দায়িত্ব, তাঁদের সম্পর্কে তিনি বলেন, ‘হেরা তো এসি গাড়িতে চলেন, তাই দূষণ বোঝেন না।’
জানতে চাইলে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সাবেক পরিচালক আবদুস সোবাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা অতীতে বিভিন্ন সময়ে চট্টগ্রামের বাতাস পরীক্ষা করে দেখেছি, দিনে দিনে দূষণের পরিস্থিতি খারাপের দিকে। এখন ফ্লাইওভার, যানবাহন ও কলকারখানার কালো ধোঁয়া এবং রাস্তাঘাট ভাঙা থাকার কারণে ধুলার পরিমাণ বেড়ে গেছে। এতে করে শিশুরা যেমন শ্বাসকষ্টে ভুগছে, অন্যদিকে গাছপালারও ক্ষতি হচ্ছে।’