
১৯৯৬ সালের কথা। শ্রীমঙ্গল গিয়েছিলাম। প্রথম দিন চা গবেষণার ক্যাম্পাস ও আশপাশের চা-বাগানে ঘোরাফেরা করে দ্বিতীয় দিন কাটালাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তৃতীয় দিন হাইল হাওরে নানা প্রজাতির আবাসিক ও পরিযায়ী জলজ পাখিকে বিচরণ করতে দেখলাম। কিন্তু এদের মধ্যে আমাদের সবার চোখই এক বিশেষ প্রজাতির পরিযায়ী পাখিকে খুঁজছিল। কিন্তু কিছুতেই ওর দেখা পাচ্ছিলাম না। হাওরের পানি কেটে আমাদের কোষা নৌকা দুটো এগিয়ে চলেছে। পদ্মপাতার মাঝখান থেকে হঠাৎই উড়াল দিল এক জোড়া বড় আকারের হাঁসজাতীয় পাখি। সবার চোখেমুখে খুশির ঝিলিক দেখা গেল। পাখি জোড়ার বেশ কয়েকটি উড়ন্ত ছবি তুলতে পেরেছিলাম।
দীর্ঘদিন পর ২০১৪ সালে হাওরের বিখ্যাত বাইক্কার বিলে গিয়ে একসঙ্গে তিন জোড়া বড় হাঁসজাতীয় পাখির দেখা পেলাম। তবে দুঃখের বিষয়, এই মৌসুমে এখন পর্যন্ত বাইক্কার বিল বা হাইল হাওরে ওদের দেখা যায়নি। আমি গত ২৩-২৪ ডিসেম্বর দুই দিন পুরো বাইক্কার বিল ঘুরেও ওদের দেখা পাইনি। কে জানে এ বছর ওরা এখানে আসবে কি না। অবশ্য ভোলার ডোমার চরে এদের বড় ঝাঁক দেখা গেছে বলে শুনেছি।
যে হাঁসজাতীয় পাখির কথা বললাম, সে এ দেশের বিরল পরিযায়ী পাখি ধূসর রাজহাঁস (Greylag Goose)। মেটে রাজহাঁস নামেও পরিচিত। Anatidae গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম anser anser ।
ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত ধূসর রাজহাঁস ৭৫-৯১ সেন্টিমিটার লম্বা। দৈহিক ওজন ৩.০-৩.৩ কিলোগ্রাম। দেহের রং ধূসরাভ-বাদামি। ভালো করে লক্ষ করলে পিঠে ক্ষুদ্র ডোরা দেখা যায়। মাথা ও গলার রং হালকা ছাই। বুক ও পেট হালকা বাদামি ও তাতে ছোট ছোট কালো ফোঁটা। লেজের তলা ও ওপরটা সাদা। চ্যাপ্টা ও বড় লালচে-গোলাপি ঠোঁট। চোখ বাদামি। পায়ের পাতা ও নখ গোলাপি এবং তাতে কাঁচা মাংসের মতো আভা। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, তবে আকারে পুরুষ কিছুটা বড়। অপ্রাপ্তবয়স্কগুলোর বুক-পেটে কালো ফোঁটা নেই এবং পায়ের রং ধূসর।
ধূসর রাজহাঁস মূলত শীতপ্রধান আইসল্যান্ড, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ, পোল্যান্ড, রাশিয়া (সাইবেরিয়া), মধ্য এশিয়া প্রভৃতি দেশের বাসিন্দা। শীতকালে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় এবং সিলেট বিভাগের হাওর-বিলে দেখা মেলে। কদাচ ঢাকা বিভাগের কোনো কোনো জলাশয়েও দেখা যায়। এরা সাধারণত জলাবদ্ধ নিচু ভূমি, চরের সদ্য গজানো তৃণভূমি, সদ্য কাটা শস্যখেতে দলবদ্ধভাবে বিচরণ করে। পানির নিচে ঠোঁট ডুবিয়ে খাবার খোঁজে। ঘাস, জলজ আগাছা, শস্যের কচি ডগা, শামুক-গুগলি প্রভৃতি খায়। মূলত দিনে সক্রিয় থাকে, তবে পূর্ণিমা রাতেও সক্রিয় থাকতে দেখা যায়।
এপ্রিল-মে মাস প্রজননকাল। আমাদের দেশে যে প্রজাতির ধূসর রাজহাঁস আসে, এরা মধ্য এশিয়া ও সাইবেরিয়ায় প্রজনন করে। স্ত্রী-পুরুষ সারা জীবনের জন্য জোড় বাঁধে। নলবন, ঝোপঝাড় বা পানিতে ভাসমান জলজ উদ্ভিদের মধ্যে বাসা বানায়। ডিম পাড়ে ৪-৬টি। ডিমের রং ক্রিম-সাদা। স্ত্রী একাই ডিমে তা দেয় ও ২৭-২৮ দিনে ডিম ফোটে। বাবা-মা দুজনে মিলেই বাচ্চাদের যত্ন নেয়। বাচ্চাদের দেহের পালক পুরোপুরি গজাতে ৮-৯ সপ্তাহ সময় লাগে। তবে আকাশে উড়তে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। শীতের পরিযায়নে এরা বাবা-মায়ের সঙ্গে একই দলে অংশ নেয়।