নওগাঁ পৌরসভার আট রাস্তা বেহাল

পিচঢালাই আর ইট-খোয়া উঠে নওগাঁ পৌরসভার অন্তত আটটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর এই করুণ দশা হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। এ অবস্থায় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা যায়, লিটন ব্রিজ-ডিগ্রি কলেজ মোড় সড়কের ডিগ্রির কলেজ মোড়ে রাস্তার পিচঢালাই উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ছয়-সাত দিনের মধ্যে এ এলাকায় বৃষ্টি না হলেও কোথাও কোথাও রাস্তার গর্তে আগে হওয়া বৃষ্টির পানি জমে আছে। পুরোনো হাসপাতাল রোডে ইজিবাইক স্ট্যান্ড মোড়ে ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। শহরের বাইপাস সড়ক ব্রিজ থেকে ডিগ্রির মোড় পর্যন্ত সড়কের একটি অংশে দেখা যায়, রাস্তার কালভার্টের একদিকের অংশ ভেঙে পড়েছে। বিপদ এড়াতে রাস্তার মাঝখানে ইট বিছিয়ে দেওয়া হয়েছে। ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে উল্লিখিত অন্য রাস্তাগুলোও।
নওগাঁ-সান্তাহার সড়কের দাবির মোড় থেকে পৌরসভার ভবানীপুর গ্রাম হয়ে বাইপাস সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার প্রায় পুরো অংশের কার্পেটিং ও ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘এই রাস্তা পাকা হওয়ার পর কর্তৃপক্ষ এটি সংস্কারে কোনো উদ্যোগই নেয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামন্য পানিতেই এ রাস্তায় হাঁটুপানি জমে যায়। প্রতিবছর বর্ষাকালে আমাদের ভোগান্তির শেষ থাকে না।’
রাস্তাঘাটের বেহাল অবস্থা সম্পর্কে ব্যাংক কর্মকর্তা জহির উদদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পৌর নির্বাচনের আগে লোক দেখানোর জন্য শহরের কিছু রাস্তায় সংস্কারকাজের নামে ইট-খোয়া বিছানো শুরু হয়। কিন্তু নির্বাচন শেষ হতেই রাস্তার কাজও বন্ধ হয়ে যায়।’
এলাকাবাসী জানান, শহরের ব্রিজ থেকে ডিগ্রি কলেজ মোড়, ডিগ্রি কলেজ মোড় থেকে বাইপাস, ডিগ্রি কলেজ থেকে থানা মোড়, সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা, দাবির মোড় থেকে বাইপাস, তাজের মোড় থেকে মেরিগোল্ড, বাইপাস থেকে বোয়ালিয়া এবং বাইপাস থেকে জগৎ সিংহপুর—এই আটটি সড়কের অবস্থা খুবই খারাপ। এ ছাড়া পাড়া-মহল্লার অসংখ্য রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ যাতায়াত করে।
পৌরসভা সূত্র জানায়, পৌরসভার ১৫টি প্রধান সড়কসহ পাড়া-মহল্লার ভেতর দিয়ে আরও ৫০টিরও বেশি সড়ক রয়েছে। এসব সড়কের ১২০ কিলোমিটার অংশ পাকা। আধা-পাকা (এইচবিপি বা ইট বিছানো) রয়েছে আরও ৩০ কিলোমিটার রাস্তা।

শহরের উকিলপাড়ার বাসিন্দা ও ধান-চাল ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘কয়েকটি রাস্তার অবস্থা এতই শোচনীয় যে গাড়ি নিয়ে চলাই কঠিন। রিকশা কিংবা চার্জারে উঠলে ঝাঁকুনি খেতে খেতে শরীর ব্যথা হয়ে যায়। আমার বাড়ি শহরের উকিলপাড়া থেকে বাটার মোড়ে অফিসের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন হেঁটেই অফিসে যাতায়াত করি।’
চকবাড়িয়ার বাসিন্দা হামিদুল হক ও আনারুল ইসলাম বলেন, ‘সিও অফিস মোড় থেকে দুর্গাপুর চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা ১৯৯৫ সালের দিকে পাকা করা হয়। এর পর থেকে এই রাস্তা আর সংস্কার হয়নি। এখন ইট-খোয়া উঠে এমন অবস্থা হয়েছে, রিকশা কিংবা চার্জার এই রাস্তায় চলতেই চায় না। কাউন্সিলর ও মেয়রের কাছে এলাকাবাসী একাধিকবার আবেদন করেও আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি।’
শহরের কালিতলা এলাকার বাসিন্দা সুবল চন্দ্র বর্মণ বলেন, ‘কালিতলা মোড় থেকে নাপিতপাড়া পর্যন্ত এই সড়ক সংস্কারের জন্য নির্বাচনের আগে গত বছরের ডিসেম্বরে খোঁড়াখুঁড়ি শুরু হয়। ইট-খোয়া বিছিয়ে দিলেও এখন পর্যন্ত রাস্তায় পিচ পড়েনি। ইট-খোয়া বিছানোয় রাস্তাটিতে চলাফেরা করতে আরও বেশি কষ্ট হচ্ছে। কবে এই দুর্ভোগ শেষ হবে, তা জানা নেই।’
এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক বলেন, ‘গত বছর বেশ কিছু নতুন ও পুরোনো রাস্তার সংস্কারকাজ করা হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ইউজিপ-৩ প্রকল্প অনুমোদন পাওয়া গেছে। এই প্রকল্পের অর্থ দুই-তিন মাসের মধ্যেই পাওয়ার কথা। অর্থ বরাদ্দ পেলেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু হবে।’