নগর পরিষ্কারে ঝাড়ু দিলেন জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপূর্ত বিভাগের আবাসিক কোয়ার্টারের সামনে ফেলে রাখা ময়লা পরিষ্কার করছেন জেলা প্রশাসক, পৌর মেয়র ও পৌরসচিব (ডান থেকে)। ছবি: প্রথম আলো
গণপূর্ত বিভাগের আবাসিক কোয়ার্টারের সামনে ফেলে রাখা ময়লা পরিষ্কার করছেন জেলা প্রশাসক, পৌর মেয়র ও পৌরসচিব (ডান থেকে)। ছবি: প্রথম আলো

নড়াইল শহরে যত্রতত্র ময়লা–আবর্জনার কারণে দিনে দিনে শহরটি কেমন যেন ভাগাড়ে পরিণত হয়েছে। তাই পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী নিজেই হাতে তুলে নিলেন ঝাড়ু আর ময়লা পরিষ্কারের বেলচা। তিনি বলেন, বিজয়ের মাসে পরিষ্কার শহর উপহার দিতে চান তিনি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নড়াইল পৌরসভার পুরোনো বাস টার্মিনাল এবং আলাদাতপুর গণপূর্ত বিভাগের আবাসিক কোয়ার্টারের সামনে ফেলে রাখা ময়লা –আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার অধিদপ্তরের নড়াইলের উপপরিচালক মো. ছিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) নাছিমা বেগমসহ অনেকে।

নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পাশে ময়লা-আবর্জনার স্তূপ। আজ বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা: প্রথম আলো
নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠের পাশে ময়লা-আবর্জনার স্তূপ। আজ বৃহস্পতিবার দুপুরে ছবিটি তোলা: প্রথম আলো

পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী বলেন, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। নিজেকে এবং নিজের আঙিনাসহ নড়াইল শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে । আগে নিজের আঙিনা পরিষ্কার করুন। তখন পাশের মানুষও আপনাকে দেখে উদ্যোগী হবেন। এতে ধীরে ধীরে নড়াইল পরিচ্ছন্ন শহরে পরিণত হবে।

জেলা প্রশাসক বলেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা শহরকে পরিচ্ছন্ন রেখে বিজয়ের মাসে উপহার দিতে চাই। এ জন্য জেলা প্রশাসন এবং পৌরসভা যৌথভাবে এ উদ্যোগ হাতে নিয়েছে ।’ ভালো কাজের জন্য তিনি শহরবাসীর সহায়তা কামনা করেন।

পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে শহর ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাস টার্মিনালের সামনে থেকে তোলা: প্রথম আলো ।
পৌর সভার পরিচ্ছন্ন কর্মীরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে শহর ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাস টার্মিনালের সামনে থেকে তোলা: প্রথম আলো ।