সিলেট নগরের পাড়া-মহল্লার রাস্তাগুলোতে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ বিরাজ করছে। ওয়ার্ডগুলোতে সিটি করপোরেশনের পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী থাকা সত্ত্বেও যথাযথ ও সুষ্ঠু তদারকির অভাবে নিয়মিত পরিচ্ছন্ন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন নগরের অনেকে।
একাধিক বাসিন্দা জানান, নগরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রায় নিয়মিত পরিচ্ছন্ন করা হলেও পাড়া-মহল্লার রাস্তাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে।
সেনপাড়া এলাকার বাসিন্দা আইনুল ইসলাম বলেন, ‘সর্বশেষ কবে আমাদের এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ু দিতে দেখেছিলাম, সেটা মনে পড়ছে না। এই যদি হয় অবস্থা তাহলে পাড়াগুলো নোংরা থাকবে না তো কী থাকবে?’
সরেজমিনে দেখা গেছে, নগরের সেনপাড়া, লামাপাড়া, সোনারপাড়া, রায়নগর, যতরপুর, কাজিরবাজার, শেখঘাট, ছড়ারপাড়, চালিবন্দর, সোবহানীঘাট, ভার্থখলা, বাগবাড়ি, পশ্চিম পিরমহল্লা, জামতলা, দাড়িয়াপাড়া, বিলপার, মীরাবাজার, শিবগঞ্জ, ঝালোপাড়া ও ভাতালিয়া এলাকার পাড়া-মহল্লার রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। এসব এলাকায় প্লাস্টিকের বোতল, সিগারেটের খালি বাক্স, টোঙ্গা, কাগজসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখা জানিয়েছে, নগরে ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে চারজন করে মোট ১০৮ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত কাজ করছেন। এর বাইরে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে প্রায় ৩০০ জন পরিচ্ছন্নতাকর্মী ও সুইপার কাজ করছেন। তবে কোনো ওয়ার্ডে ময়লা-আবর্জনার পরিমাণ বেশি হয়ে গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর যদি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, তাহলে সেসব ওয়ার্ডে অতিরিক্ত কিছু পরিচ্ছন্নতাকর্মী অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, সমান গুরুত্ব দিয়ে নিয়মিত প্রতিটি ওয়ার্ড পরিচ্ছন্ন করা হয়ে থাকে। তবে পাড়া-মহল্লার বাসাবাড়িগুলোর ছাদ বা জানালা দিয়ে অনেকে ময়লা-আবর্জনা রাস্তায় ফেলে দিচ্ছেন। এতে সংশ্লিষ্ট এলাকাগুলো নোংরা হয়ে পড়ছে। এটি বিবেচনায় নিয়ে মহল্লাকেন্দ্রিক আরও কিছু ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।
সিলেটের নাট্য ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আনোয়ার হোসেন রনি জানান, রাস্তাঘাটে যেখানে-সেখানে আবর্জনা ফেলে দেওয়ার জন্য পারিবারিক সংস্কৃতির অভাবই দায়ী। পরিবার ও সমাজ থেকে ওই ব্যাপারে সচেতনতা তৈরি করা না গেলে এটি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। তাই সামাজিক সচেতনতা তৈরিতে সিটি করপোরেশন এ বিষয়ে পাড়া-মহল্লাগুলোতে উঠান বৈঠক-জাতীয় কর্মসূচি নিতে পারে।