নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। কলার ভেলায় চড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে বন্যাদুর্গত পরিবার। সঙ্গে প্রয়োজনীয় আসবাবও। ছবিটি গতকাল দুপুরে গাইবান্ধা সদর উপজেলার গিদারি গ্রাম থেকে তোলা l প্রথম আলো
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাট। কলার ভেলায় চড়ে নিরাপদ আশ্রয় খুঁজছে বন্যাদুর্গত পরিবার। সঙ্গে প্রয়োজনীয় আসবাবও। ছবিটি গতকাল দুপুরে গাইবান্ধা সদর উপজেলার গিদারি গ্রাম থেকে তোলা l প্রথম আলো

বেড়েই চলেছে বন্যার পানি। গতকাল শনিবার নতুন করে প্লাবিত হয়েছে উত্তরাঞ্চলের আরও বেশ কিছু এলাকা। পানিবন্দীদের কাতারে যোগ হয়েছে আরও লাখো মানুষ। নতুন করে অনেক ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। ভারী বর্ষণ ও উজানের পানির ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত তথ্য।
গাইবান্ধা: গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত গাইবান্ধার সাতটি উপজেলার আরও তিনটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি বেড়ে ৫১ থেকে ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে সাতটি উপজেলার ৮২টি ইউনিয়নই প্লাবিত হয়ে তিন লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানুষকে কলার ভেলায় যাতায়াত করতে হচ্ছে।
গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর জামান বলেন, বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
জামালপুর: যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে জামালপুরের বেশ কিছু জায়গা নতুন করে প্লাবিত হয়েছে। বিশেষ করে জেলার ইসলামপুর উপজেলার টিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ, সিংভাঙ্গা গ্রাম এখন পানির নিচে। এসব এলাকার প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দী। সব মিলিয়ে জামালপুরের ছয়টি উপজেলার ৩৭টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষই এখন পানিবন্দী।
কিন্তু গতকালও অনেকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছায়নি। তবে সকালে ইসলামপুর উপজেলার টিনাডুলি ও বেলগাছা ইউনিয়নে দুই শ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের সরদারপাড়া গ্রামের কছিরন বেগম কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান ও মেম্বাররা আমাগো ত্রাণ না দিয়া তাঁদের আত্মীয়স্বজনকে দেয়।’
জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন বলেন, নতুন করে কিছু এলাকা প্লাবিত হওয়ায় শনিবার আরও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও ত্রাণসামগ্রী দেওয়া হবে।
জামালপুরের মাদারগঞ্জে উপজেলায় কড়িচড়া, আদারভিটা ও সিঁধুলি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এতে এসব ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ এখন পানিবন্দী। বন্যাদুর্গত মানুষের জন্য আট লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন। গতকাল সকালে মুক্তিযোদ্ধাদের এক শ পরিবারের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু অধিকাংশ বন্যাদুর্গত মানুষ ত্রাণসামগ্রী না পাওয়ায় হতাশ।
বালিজুড়ি ইউনিয়নের কৃষক হাশেম আলী বলেন, ‘বন্যার পানিতে হাবুডুবু খাইতাছি। কোনো চেয়ারম্যান মেম্বরেরা সাহায্য দিতে আসেনি।’
একই পরিস্থিতি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়ও। নতুন করে এখানকার সাততোয়া ইউনিয়নের ও পিংনা ইউনিয়নের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে। সাততোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের আবদুল জব্বার জানান, ‘আমরা কোনো সাহায্য না পাইয়া কষ্টে আছি।’
গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, সরকারিভাবে বন্যার্তদের জন্য কোনো ত্রাণ পাওয়া যায়নি।
বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ সেন্টিমিটার পানি বেড়েছে। ফলে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসব এলাকায়ও অনেকেই ত্রাণসামগ্রী পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। ভাণ্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান আতিকুল করিম বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া ত্রাণসামগ্রী সোমবার সকালে বিতরণ করা হবে।
সিরাজগঞ্জ: যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সদর, কাজীপুর, শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ৪০টি ইউনিয়নের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়ে পড়েছে। পানিতে সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ৯টি উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে জেলার ৬৬ ইউনিয়নের ৬ শতাধিক গ্রাম। প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। হাতিয়া ইউনিয়নের জাহেরা বেগম বলেন, ‘কাজ নাই, খাবার নাই। খুব দুর্ভোগের মধ্যে পড়েছি।’
নওগাঁ: বন্যার পানি বেড়ে যাওয়ায় আত্রাই ও রানীনগর উপজেলার অনেক গ্রাম এবং ফসলি জমি নতুন করে তলিয়ে গেছে। গত দুই দিনে আত্রাই ও রানীনগর উপজেলার ১০ ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে প্রায় তিন লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ৪৫ মেট্রিক টন চাল ও ৬৫ হাজার টাকা এবং রানীনগর উপজেলায় ৪০ মেট্রিক টন চাল ও নগদ ৫৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় এই ত্রাণ অপ্রতুল বলে জানিয়েছেন বন্যার্ত মানুষ।