নতুন করে চার গ্রাম প্লাবিত, কিছু এলাকায় পানি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদী ও কহুয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ঢুকে পড়া পানি গতকাল শনিবার থেকে কমতে শুরু করেছে। তবে গতকাল ওই পানিতে উপজেলার মুন্সিরহাট এবং দরবারপুর ইউনিয়নের চারটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত দুই দিনে উপজেলার তিনটি ইউনিয়নে মোট দুই হাজার ৫০০ হেক্টর জমিতে লাগানো আমন ধানের চারা তলিয়ে গেছে। গতকাল সকাল থেকে উপজেলা শহরে পানি কমতে শুরু করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার মুহুরী নদী ও কহুয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত হয়। গতকাল উপজেলা শহরসহ ওই ১৫টি গ্রাম থেকে পানি কমতে শুরু করলেও মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর এবং দরবারপুর উপজেলার নোয়াপুর, কড়ইয়া কালিকাপুর ও পশ্চিম শ্রীপুর গ্রাম নতুন করে প্লাবিত হয়।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহিদুর রহমান জানান, গতকাল শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পাঁচ টন চাল এবং চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করা হয়েছে।