দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল সোমবার নওগাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ওই সব জেলার নতুন নতুন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ডুবে গেছে আউশ, আমন ধানসহ ফসলের খেত। বন্যার পানিতে ডুবে নওগাঁয় একটি শিশুর মৃত্যু হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৫২টি পয়েন্টে নদীর পানির উচ্চতা বেড়েছে এবং ৩৩টি পয়েন্টে কমেছে। এ ছাড়া ১৫টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
নওগাঁ: মান্দা ও আত্রাই উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে ডুবে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামে সৌরভ নামে সাড়ে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সৌরভ ওই গ্রামের আলাউদ্দিন ছেলে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, বাড়ির উঠানে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।
মান্দা উপজেলায় আত্রাই নদের তীরবর্তী তিনটি ইউনিয়নের সাতটি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে আউশ ও আমন ধান। বন্যাকবলিত অনেক এলাকায় বসতবাড়িতে পানি ঢুকে যাওয়ায় রাস্তা, বিদ্যালয় ও অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদের পানি অস্বাভাবিক বেড়ে গিয়ে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত হয়েছে বাঁধের ভেতরের পশ্চিম নুরুল্লাবাদ, বাইবুল্যা, নুরুল্লাবাদ মণ্ডলপাড়াসহ আরও কয়েকটি এলাকা। এসব এলাকায় অন্তত ৩০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। আত্রাই নদের পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর দক্ষিণ তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের চকরামপুর, কয়লাবাড়ী, শহরবাড়ীসহ আরও কয়েকটি স্থান চরম ঝুঁকিতে পড়েছে।
এদিকে, আত্রাই উপজেলার মিরাপুর গ্রামের কাছে গতকাল সোমবার ভোরে পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় আত্রাইয়ের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর আগে রোববার ভোরে উপজেলার ছোট যমুনা নদীর ফুলবাড়ী এবং ভরতেঁতুলিয়াতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। দুই দিনের বন্যায় প্রায় ৬০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে কয়েক হাজার হেক্টর জমির আবাদি ফসল। ভেঙে পড়েছে বিদ্যুৎব্যবস্থা। বন্ধ হয়ে গেছে প্রায় অর্ধশত স্কুল ও মাদ্রাসা।
গাইবান্ধা: গাইবান্ধার চারটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে চার উপজেলার ৩১টি ইউনিয়ন প্লাবিত হলো। নতুন করে বন্যাকবলিত ইউনিয়নগুলো হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, তারাপুর, সদর উপজেলার ঘাঘোয়া, খোলাহাটি, ফুলছড়ি উপজেলার গজারিয়া ও সাঘাটা উপজেলার সাঘাটা হলদিয়া। এসব ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে, তিস্তা নদীর পানির চাপে গাইবান্ধা-বামনডাঙ্গা-রংপুর সড়কের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় ঘাঘট নদীর স্লুইসগেটটি হুমকির মুখে পড়েছে।
কুড়িগ্রাম: ধরলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চার দিন ধরে জেলার দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। ৫০ হাজার হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। নাগেশ্বরী পৌর এলাকার ডুবাছড়ি সেতু ও সংযোগ সড়ক ডেবে গেছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
জয়পুরহাট: উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তুলসীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি বেড়ে নদীর দুপাশের রোপা আমনের খেত তলিয়ে গেছে। উজানের পানি ও বৃষ্টির পানিতে সদ্য লাগানো কৃষকের আমনের খেত ডুবে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। সদর উপজেলার ধারকি, বানিয়াপাড়া, সতীঘাটা, নামাধারকি, ঘোনাপাড়া, চক, কোঁচপাড়া, পলিকাদোয়া, ক্ষেতলালের মহব্বতপুর, জিয়াপুর, আমিড়া, দেওগ্রাম, রসুলপুর, আটিগ্রাম, দাশড়া, উত্তর মহেশপুর এবং আক্কেলপুরের আওয়ালগাড়ি, নলডাঙ্গাসহ বেশ কিছু এলাকার আমনখেত ডুবে গেছে।
সারিয়াকান্দি (বগুড়া): যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ শেষ না হওয়ায় দুর্গত এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি ওঠার পর অসমাপ্ত এই বাঁধেই আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। আড়াই মাসের মধ্যে বাঁধটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও সাড়ে চার মাসেও তা শেষ হয়নি। বন্যার্তদের অভিযোগ, যমুনা যেভাবে ফুলে-ফেঁপে উঠছে, তাতে যেকোনো সময় পানির তোড়ে ভেসে যেতে পারে অসমাপ্ত এই বাঁধ। তখন গোটা পূর্ব বগুড়ার (সারিয়াকান্দি-গাবতলী ও ধুনট) মানুষই পানিবন্দী হয়ে পড়বে। অবশ্য পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নকশা সংশোধন ও কারিগরি কিছু সমস্যার কারণে নির্মাণাধীন আট কিলোমিটার বিকল্প এই বাঁধের একটি স্থানে ৩০০ এবং অন্য স্থানে ৬০ মিটারের মতো অংশের নির্মাণকাজ অসমাপ্ত রয়েছে। নদীর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অসমাপ্ত কাজ শুরু করা হবে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার এখন ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল ইসলাম জানান, কাজীপুর উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন ও নদীতীরবর্তী তিনটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বালিগুগরী, শিমলা, পাঁচঠাকুরী, ইটালী, ভাটপীর, পারপাঁচিল, পাইকপাড়া, মোল্লাবাড়ী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঢেকুরিয়া হাট ও হাটসংলগ্ন পাকা রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে।
জামালপুর: তিন দিন ধরে যমুনা নদীর পানি বেড়ে ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি। ঘরের ভেতর কোমর সমান পানি। মাথা গোঁজার ঠাঁই না থাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু রাস্তার ওপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। রোববার থেকে পানি বৃদ্ধি পাওয়ায় ওই উপজেলার ৭৪টি বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়েছে।
জামালপুর পাউবোর পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল খালেক বলেন, গত ২৪ ঘণ্টার ব্যবধানে পাঁচ সেন্টিমিটার পানি বেড়ে গতকাল বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী ইউনিয়নের ৩০টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
সরিষাবাড়ী উপজেলার মধ্যে প্রবাহিত যমুনা, ঝিনাই, সুবর্ণখালী, ঝারকাটা নদীর পানি বেড়ে যাওয়ায় ছয় শ হেক্টর জমির রোপা আমন ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। ২০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা কৃষি ও শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচ শ হেক্টর রোপা আমন ধানখেত ও ৬০ হেক্টর শাকসবজি বন্যার পানিতে তলিয়ে গেছে।