নদী-খালে পানি নেই, জেলে পরিবারে দুর্দিন
নদী-খালে তেমন পানি নেই। তাই জালে মাছ উঠছে না। এ কারণে চট্টগ্রামের ফটিকছড়ির প্রায় ৮০০ জেলে পরিবারে চলছে চরম দুর্দিন।
ফটিকছড়ির ওপর দিয়ে বয়ে গেছে হালদা ও সর্তা নদী। এক দশক আগেও নদীগুলোতে সব সময় পানি থাকত। জেলেদের আয়-রোজগারের ভরসা এই দুটি নদী। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, চলতি শুষ্ক মৌসুমে নদীগুলোর পানি শুকিয়ে যাওয়ায় জেলেরা বেকায়দায় পড়েছেন। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে তাঁদের। এ ছাড়া উপজেলায় ৬ হাজার ৪৫২টি পুকুর ও ২৩টি ছোট-বড় খাল আছে। খালগুলোর মধ্যে ধুরুং, তেলপারই ও মন্দাকিনী ছাড়া বাকিগুলো শুকিয়ে গেছে। পানি অল্প হওয়ায় জেলেরা মাছ পাচ্ছেন না।
হালদাপাড়ের সুন্দরপুর গ্রামের বাসিন্দা জেলে আবুল হাসেম (৪০) বলেন, ‘এবার আমাদের খুব কষ্ট হচ্ছে। কোনো খাল-বিল, এমনকি হালদায় পর্যন্ত পানি নেই। বেকার দিন কাটাচ্ছি। আমাদের অন্য কিছু করার অভিজ্ঞতাও নেই।’ তিনি বলেন, এ অবস্থায় জেলে পরিবারের সদস্যের দিন কাটছে অর্ধাহার-অনাহারে।
নদীতে মাছ না পেয়ে ফেরি করে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছেন পৌর সদরের ধুরুং গ্রামের জেলে মো. শাহজাহান (৪৬। তিনি বলেন, ছোট-খাটো খাল ও নদীতে পানি নেই, মাছও নেই।
তেলপারই খালের পাড়ের জেলে আকবর আলী (৩৯) বলেন, নদীতে মাছ না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাঁর।
ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘হালদা ও সর্তা নদী এবং খাল-বিলে পানি না থাকায় জেলেরা মাছ ধরতে পারছেন না। তাঁদের জীবন-জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়েছে। বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকারত্বের সংখ্যা বাড়ছে।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘বেকারত্বের বিষয়টি লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’