নদী দূষণমুক্ত করার দাবিতে গণসাঁতার
হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী দূষণমুক্ত ও সাঁতার কাটার উপযোগী করার দাবিতে গণসাঁতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ‘খোয়াই রিভার ওয়াটার কিপার’ নামের একটি সংগঠন ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন এলাকার শিশু ও নদীর পার এলাকার বাসিন্দারা অংশ নেয়।
এ উপলক্ষে খোয়াই নদী স্টাফ কোয়ার্টার এলাকায় এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, জেলার সবগুলো নদী একে একে দূষিত হয়ে পড়ছে। সরকার নদীগুলো রক্ষায় এগিয়ে আসছে না। হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী পুরোটাই বর্তমানে বেদখল হয়ে পড়েছে। শহরের পরিবেশ রক্ষা করতে হলে এ নদী দখলমুক্ত করা জরুরি হয়ে পড়েছে।
সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দিলীপ কুমার বণিক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ প্রমুখ।