নদী বাঁচাও, মানুষ বাঁচাও
না দেখলে বিশ্বাস করা কঠিন যে মেঘালয়ের মতো ভারতের একটি ছোট্ট রাজ্যে এ রকম বিশাল ও বিস্ময়কর আয়োজন হতে পারে। প্রথমে ধারণা দেওয়া হয়েছিল, এটি বাংলাদেশ-ভারতের নদী উৎসব। কিন্তু এখানে এসে দেখলাম, বাংলাদেশ, ভারত ছাড়াও মিয়ানমার, নেপাল, ভুটানের প্রতিনিধিরাও এসেছেন বিরাট লটবহর নিয়ে। শত শত প্রতিনিধি। সংগীতশিল্পী থেকে ফ্যাশন ডিজাইনার, মন্ত্রী থেকে মিডিয়াকর্মী, পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতা থেকে পর্যটক কর্মকর্তা—সব এক কাতারে এসে মিলিত হয়েছেন। সবার কণ্ঠে এক আওয়াজ—নদী বাঁচাও, মানুষ বাঁচাও।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় স্টেট কনভেনশন সেন্টারে এশিয়া কনফুলেন্স বা এশীয় সম্পৃক্ততার উদ্যোগে নদী ২০১৬ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল অধিবেশন বসে ১১টায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সভাপতিত্বে। এই অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নেপালের সাবেক পানিসম্পদমন্ত্রী দীপক গয়াল, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মিজোরামের মুখ্যমন্ত্রী শ্রীলাল থানওয়ালা, ভারতে ভুটানের সাবেক রাষ্ট্রদূত দাগো দি থেরিং, মিয়ানমারের প্রতিনিধি উ থা অং এবং আয়োজকদের পক্ষ থেকে সুবাস কাশাপ ও ড. বি বি দত্ত।
অন্যান্য সম্মেলনে যেমনটি হয়ে থাকে, নীতি ও কৌশল নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারকদের সঙ্গে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের তীব্র মতভেদ লক্ষ করা যায়। বিশেষ করে সরকারি প্রতিনিধিরা যা বলেন, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা তার বিরোধিতা করেন। এই সম্মেলনে তেমনটি হয়নি। সবাই এক সুরে কথা বলেছেন। সীমান্তনির্বিশেষে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার সব মানুষের কল্যাণ হয়, এমন নীতি ও পরিকল্পনা নিতে বলেছেন। তাঁদের দাবি, নদী কেবল নদী নয়, নদী হলো আবহমানকালের জীবনধারা। নদীর স্রোতোধারা কেবল অববাহিকার জনমণ্ডলীকে বাঁচিয়ে রাখেনি, তাদের জীবনযাত্রায় সাজুয্য তৈরি করেছে, বেঁধে দিয়েছে একই সংস্কৃতির মেলবন্ধনে।
মূল অধিবেশনে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিদের বক্তৃতা এতটাই আবেগ ও সংহতি তৈরি করেছে যে, কে কোন দেশের পক্ষে বলেছেন বোঝা কঠিন। বেসরকারি পর্যায়ের এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিরা তিস্তার পানিবণ্টনের কথা বলতে ভুলে গেলেও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ঠিকই গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন।
রাশেদ খান মেনন নদী অববাহিকার মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো, বাংলাদেশে উত্তর-পূর্ব ভারতের নাগরিকদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য পর্যটনের ওপর জোর দিয়ে বলেছেন, শিগগিরই ঢাকা-গুয়াহাটি বিমানসেবা চালু হচ্ছে। পরবর্তী সময়ে ঢাকা-শিলং বিমানসেবা চালুর সম্ভাবনার কথাও জানান তিনি।
শাহরিয়ার আলম উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা দেওয়ার কথা উল্লেখ করে বলেন, খুব শিগগির গুয়াহাটিতে ডেপুটি মিশন খোলা হচ্ছে। উত্তর-পূর্ব ভারতের লাগোয়া বাংলাদেশ সীমান্তে আরও অধিক শুল্ক বন্দর খোলারও ঘোষণা দেন তিনি।
নেপালের প্রতিনিধি নদীগুলোর পানির নাব্যতা বাড়ানো এবং শুকনো মৌসুমে পানির সমস্যা সমাধানে যৌথ কর্মপরিকল্পনা নেওয়ার ওপর জোর দেন। সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন।
তবে ভারতের রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভুর অনুপস্থিতি বিদেশি প্রতিনিধিদের কাছে দৃষ্টিকটু বলে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ থেকে দুজন মন্ত্রী এলেও ভারত দুই মুখ্যমন্ত্রীকে দিয়েই প্রতিনিধিত্ব শেষ করেছে।
দুদিনের এই নদী উৎসবের প্রথম দিনের সান্ধ্য আয়োজনে বাংলাদেশি শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।