নদী রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নদী রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
‘পিলার বসানোর নামে সম্পূর্ণ নদীর পাড়, বহুলাংশে ফোরশোর ও প্লাবন অঞ্চল দখলদারদের হাতে ছেড়ে দেওয়া অবিলম্বে বন্ধ করুন’—শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের নদীর সীমানা নির্ধারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেলা প্রশাসনের ওপর যে দায়িত্ব অর্পণ করেছিল, তা সঠিকভাবে পালন করা হয়নি। নদীতে সীমানা খুঁটি বসানোর উদ্দেশ্য ছিল নদী রক্ষা। কিন্তু নদীর জমি ছেড়ে দিয়ে সেই খুঁটিগুলো এমনভাবে বসানো হয়েছে, যাতে নদী দখলদারদের সুবিধা হয়।
মো. আবদুুল মতিন বলেন, বাংলাদেশের নদী রক্ষায় ২০০৯ সালে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দেন। এতে প্রাথমিক কাজ হিসেবে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা—এই পাঁচ নদীর সীমানা নির্ধারণের কথা বলা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নদী টাস্কফোর্স গঠন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের ওপর এ দায়িত্ব দেয়। কিন্তু রাজনৈতিক ও স্থানীয় নেতাদের প্রভাবে এবং দখলদারদের সুযোগ করে দিতে জেলা প্রশাসকেরা সে দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।
সংবাদ সম্মেলনে কিছু ছবি দেখিয়ে বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল অভিযোগ করেন, সব খুঁটিই নদীর পাড়ের ভিতরে বা নদীতটে (ফোরশোর) বসানো হয়েছে। অনেক জায়গায় নদীতটের ভেতরে বা একেবারে নদীর তলের পানির পাশে খুঁটি বসানো হয়েছে, যা হাইকোর্টের রায়ের লঙ্ঘন।
সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী নদীর সীমানা নির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠকে বসবেন। এ অবস্থায় যদি প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের দেওয়া ভুল তথ্যের কারণে কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে দেশের নদীগুলো বিলীন হয়ে যাবে। ভুল জায়গায় বসানো খুঁটিগুলো অপসারণ করে সঠিক সীমানা নির্ধারণ এবং হাইকোর্টের রায় অমান্যকারী ও সরকারের অর্থ অপচয়কারী কর্মকর্তাদের শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।