নদীর পানি কমলেও রানীনগরে বন্যার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ছোট যমুনা ও আত্রাইয়ের পানি কমলেও রানীনগর উপজেলার সাতটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
নদীর পানি নিচু এলাকায় প্রবেশ করে রানীনগর উপজেলার পীরেরা, লক্ষ্মীপুর, ভবানীপুর, সর্বরামপুর, গোনা, বইনা, চক, সিংড়াডাঙ্গা, সিম্বা, লোহাচূড়া, ছয়বাড়িয়া, গৌরদীঘি, খাগড়া, বড়গাছা, গহেলাপুর, শফিকপুর, বোদলা, পালশাসহ বিভিন্ন গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় মানুষের দুর্ভোগের শেষ নেই। কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও মৌসুমি সবজিখেত তলিয়ে গেছে। বাড়িঘরে বন্যার পানি ঢুকে করায় অনেক পরিবার এখন উঁচু সড়কে, স্কুলে এবং অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভেঙে পড়েছে উপজেলা ও জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা। বন্যায় পানিবন্দী মানুষের মাঝে কিছু কিছু সরকারি সাহায্য পৌঁছালেও অনেক স্থানেই তা পৌঁছায়নি। ফলে মানবেতর জীবন যাপন করছে পানিবন্দী ও বানভাসি এসব মানুষ। বন্যার পানিতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ, বৃদ্ধি পেয়েছে সাপের উপদ্রব। প্রায় এক সপ্তাহ অতিবাহিত হলেও ভাঙনকবলিত স্থান মেরামতে নওগাঁর পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় রানীনগর উপজেলায় পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার রাস্তা, ২৬ কিলোমিটার বাঁধ, ২৫০টি গভীর-অগভীর নলকূপ এবং ৭ হাজার ৪০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, দফায় দফায় পানি বৃদ্ধি পাওয়ায় রানীনগর উপজেলায় সাতটি ইউনিয়নে পানিবন্দী মানুষসহ ক্ষতির সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত বানভাসি মানুষকে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের জিআর তহবিল থেকে দুই দফায় ২৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। সেগুলো ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে এবং অতিরিক্ত আরও অনুদানের চাহিদাপত্র পাঠানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের বন্যার পানি নেমে গেলে ৩৪ ব্রি ধান লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি পর্যায় থেকে যত তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার বরাদ্দ আসবে, সঙ্গে সঙ্গে তা বিতরণের ব্যবস্থা করা হবে।