নববর্ষের সকালে কোমলতা, দুপুরে বাড়বে রোদের তেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বাংলা নববর্ষের সঙ্গে টানা তিন দিনের ছুটি যোগ হয়েছে। এই সুযোগে অনেকে গেছেন ঢাকার বাইরে। এ জন্য আজ পয়লা বৈশাখ রাজধানীর রাজপথ অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ফাঁকা। তবে কয়েক দিনের রোদ তাতানো আকাশ কিছুটা যেন বদলে গেছে। সকালে মৃদু মেঘলা ভাব ছিল। ফুরফুরে বাতাসও বয়ে গেছে। এতে ভ্যাপসা ভাবটা কমে যাওয়ায় রাজধানীর মানুষ কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকালের চেয়ে আজ বৃহস্পতিবার সকালে তাপমাত্রা খানিকটা কম ছিল। রাজধানী ঢাকায় গতকাল বুধবার সকাল নয়টায় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কিছুটা বেশি। এক ঘণ্টা পর আজ সকাল ১০টার দিকে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বেড়ে যাবে এবং তা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
গরম যা-ই থাকুক না কেন, সিলেট বেশ বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টার হিসাবে আজ সকাল ছয়টার দিকে এখানে বৃষ্টি হয়েছে ৩২ মিলিমিটার। আগের দিন এর পরিমাণ ছিল ১৫ মিলিমিটার।
সিলেটের বৃষ্টি প্রভাব ঢাকা বিভাগেও পড়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকাল নয়টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টার এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্য স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অবশ্য তাপপ্রবাহ আরও আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সিলেটে বৃষ্টি হচ্ছে। এ ছাড়া দখিনা বাতাস বইছে। এর সঙ্গে দক্ষিণ দিক থেকে মেঘও আসছে। সব মিলিয়ে বৃষ্টির একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। দুই-তিন দিনের মধ্যে এই বৃষ্টি হতে পারে।