নল রাস্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নল রাস্না, বান্দরবানের পাহাড় থেকে তোলা l ছবি: লেখক
নল রাস্না, বান্দরবানের পাহাড় থেকে তোলা l ছবি: লেখক

পাহাড়ি আঁকাবাঁকা সরু পথ। পথের দুই ধারে ঝোপঝাড়। কত সব অচেনা তরুলতা। সমতলের প্রায় সব প্রজাতির গাছের সঙ্গে পরিচয় থাকলেও পাহাড়ি গাছপালার সঙ্গে তখনো পরিচয়টি নিবিড় হয়নি। পাহাড়ি কাশের অপরূপ সৌন্দর্য। সেই সঙ্গে পাহাড়ি বনে লতাগুল্মের ঘ্রাণ। কয়েকটি গোলাপি-সাদা রঙের ফুল আমার চোখে পড়ল। ঘাসের মতো পাতাসদৃশ একটি বুনো উদ্ভিদের শীর্ষে কয়েকটি ফুল। ফুল ওপর থেকে দেখলে মনে হয় কোনো একটি পাখি তার দুই ডানা মেলে উড়ছে।
এটি নল রাস্না। নামটি দিয়েছেন প্রকৃতি আলোকচিত্রী নওয়াজেশ আহমদ। তবে আদিবাসীরা ঘাসফুল নামেই চেনে। নল রাস্না একটি ভূমিজ অর্কিড। পাহাড়ে জন্মে এ অর্কিড। ফুলের বর্ণিল উচ্ছ্বাস মানুষকে কাছে টেনে নিয়ে যায়। মথ, ভোমরা ও পাহাড়ি মৌটুসি পাখি সারাক্ষণ আনাগোনা করে ফুলের মধুর জন্য। গ্রীষ্মকালে প্রস্ফুটন শুরু করে বর্ষা অবধি টিকে থাকে।
২০০৮ সালে বান্দরবানে গিয়ে প্রথম নল রাস্নার সঙ্গে পরিচয়। যে পাহাড়ে সূর্যের আলো পড়ে, সেখানে এটি ভালোভাবে বেড়ে ওঠে। মাটির ওপরে পাহাড়ের গায়ে জন্মে। পাতা ও গাছ দেখতে নল ঘাসের মতো। পাহাড়ের গায়ে ঘাস ও নানান গুল্মজাতীয় গাছের সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠে। কেবল ফুল দেখলে নল রাস্না শনাক্ত করা যাবে।
আদিবাসীরা নল রাস্নার শিকড় দিয়ে পেস্ট তৈরি করে বাত ও ব্যথা নিরাময় করে। সর্প দংশনের চিকিৎসায় শিকড়ের নির্যাস ব্যবহার করা হয়। আকর্ষণীয় ও সুদৃশ্য পুষ্পের জন্য প্রজাতিটির বাণিজ্যিক মূল্য আছে। নল রাস্নার বৈজ্ঞানিক নাম arundina graminifolia। যেখানে জলাবদ্ধতা নেই কিন্তু আর্দ্রতা অনেক, সেখানে লাগানো যাবে। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের বাগানে একটি ঝাড় সম্প্রতি দেখেছি।
উদ্ভিদ বহুবর্ষজীবী, স্থলজ বীরুৎ। কাণ্ড ১০০ সেন্টিমিটােরর বেশি লম্বা। ঘাসসদৃশ অনেক পাতাবিশিষ্ট। এটি বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও সিলেট জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। মাত্রাতিরিক্ত আহরণের ফলে এটি প্রায় সংকটাপন্ন হয়ে গেছে, তবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।