
অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কোথাও কোথাও আরও অবনতি হয়েছে। তবে বৃষ্টি ও নদীর পানি কমে কয়েকটি জেলায় এ পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ করা গেছে। অবনতি হয়েছে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও শেরপুরে। উন্নতি হয়েছে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটে।
এদিকে বন্যায় বালু জমে ও সেই সঙ্গে তীব্র নদীভাঙনে এখন নষ্ট এবং বিলীন হওয়ার পথে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন ও আউশখেত।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে প্রায় নয় হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজিখেত। ভূরুঙ্গামারীর ঐতিহাসিক সোনাহাট সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় সোনাহাট স্থলবন্দরের সঙ্গে বাইরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কাঁচা-পাকা সড়ক তলিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে আরও অনেক এলাকা।
জেলায় পানিবন্দী জীবনযাপন করছেন ২৫টি ইউনিয়নের লক্ষাধিক লোক। তলিয়ে গেছে দুই শতাধিক চর। ভেসে গেছে বহু হাঁস-মুরগি এবং বন্ধ হয়ে গেছে শতাধিক বিদ্যালয়।
গতকাল সোমবার নৌকায় সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরে গিয়ে দেখা যায়, গোটা চর পানিতে ডুবে রয়েছে। চরের সঙ্গে যোগাযোগের জন্য থাকা সড়কের একটি স্থানে পাঁচ ফুট স্থান ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। প্রথম আলো চর বিদ্যালয়টিও ছুটি দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক প্রতীপ কুমার মণ্ডল জানান, এ পর্যন্ত আট হাজার ৮৭৮ হেক্টর জমির রোপা আমন ও ১৪৯ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে।
গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার ১০টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ১২ হাজার লোক। অনেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। প্লাবিত ইউনিয়নগুলো হলো সুন্দরগঞ্জের তারাপুর, হরিপুর, বেলকা, চণ্ডীপুর ও কঞ্চিপাড়া; সদরের মোল্লারচর এবং ফুলছড়ির ফুলছড়ি সদর, ফজলুপুর, এরেন্ডাবাড়ি ও গজারিয়া। এসব ইউনিয়নে সদ্য রোপণ করা প্রায় ২০০ একর জমির আমন চারা ও বীজতলা ডুবে গেছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া জানান, গতকাল ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৩৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি ৪০ সেন্টিমিটার ও করতোয়ার পানি ৩ সেন্টিমিটার বাড়ে। সেই সঙ্গে নদীভাঙনও হয়েছে তীব্র। গত দুই দিনে সাঘাটা ও ফুলছড়ির ৩৫০টি পরিবার সর্বস্ব হারিয়েছে এই ভাঙনে।
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার পানি বেড়ে গতকাল বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উপজেলার নদীতীরবর্তী এলাকা, চরাঞ্চল ও অন্তত পাঁচটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছেন প্রায় ২০ হাজার লোক। তলিয়ে গেছে প্রায় দুই হাজার হেক্টর জমির আউশ ও আমন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল মোহাম্মদ সামসউদ্দীন ফিরোজ বলেন, ‘পানি বাড়তে থাকলে রেকর্ড পরিমাণ ফসলের খেত তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, গতকাল সন্ধ্যায় যমুনার পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। পানির তোড়ে সদ্যনির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের চার স্থানের প্রায় ৩০০ মিটার ধসে গেছে।
রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১৫টি গ্রাম থেকে পানি নেমে গেলেও গঙ্গাচড়ায় প্রায় এক হাজার একরের বেশি জমির আমন নষ্ট হওয়ার পথে। এ ছাড়া নষ্ট হয়ে গেছে কাউনিয়ার চার গ্রামের প্রায় ১০০ একর জমির আমন। নীলফামারীতে গতকাল দুপুর ১২টায় তিস্তার পানি কমে বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে নেমে আসে। এতে তলিয়ে থাকা রোপা আমনখেত আবার জেগে উঠলেও কোথাও বালু পড়ে নষ্ট এবং কোথাও নদীভাঙনে বিলীন হয়েছে এসব খেতের অনেকগুলো। ডিমলা উপজেলার পূর্ব বাইশপুকুর, পশ্চিম বাইশপুকুর ও মোজার চর গ্রামের প্রায় এক হাজার বিঘা এবং পূর্ব ছাতনাই ও ঝাড়সিংহেরস্বর গ্রামের প্রায় ৫০০ বিঘা জমির আমন নষ্ট বা বিলীন হয়ে গেছে। জলঢাকা উপজেলার কয়েকটি গ্রামের প্রায় এক হাজার ২০০ বিঘা জমির আমন চারা তলিয়ে নষ্ট হওয়ার পথে।
লালমনিরহাটে গত দুই দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাঁচটি উপজেলার মধ্যে আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধার ৫৪০ হেক্টর জমির তলিয়ে থাকা রোপা আমনের চারা জেগে উঠেছে। এসব চারার তেমন ক্ষতির আশঙ্কা নেই বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার পানি বেড়ে গত রোববার রাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ছয় গ্রামের দুই শতাধিক পরিবারের ১৫ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের প্রায় ৭০ একর ফসলি জমি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়নের ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ৫০০ একর আমনখেত। পাহাড়ি ঢলে সম্প্রতি খালভাঙ্গা এলাকার ভোগাই নদীর দুটি অংশে ৩০০ মিটার এবং গত শুক্রবার সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালি নদীর ৫০ মিটার বাঁধ ও সড়ক ভেঙে যাওয়ায় এসব স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: বগুড়া অফিস, নিজস্ব প্রতিবেদক, রংপুর ও কুড়িগ্রাম এবং গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ও জামালপুর সংবাদদাতা}