নাগরপুরে ধলেশ্বরীর ভাঙনে অর্ধশতাধিক বাড়ি, বাজার, মন্দির বিলীন

টাঙ্গাইলের নাগরপুরে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় অর্ধশতাধিক বসতবাড়ি, বাজারের কমপক্ষে ৩৭টি দোকান, ১টি স্কুল, ৪টি মন্দির ও শ্মশান ধলেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে।
ভাঙনের মুখে রয়েছে কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়, বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, পোস্ট অফিসসহ তিন শর বেশি বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখন দিশেহারা হয়ে পরেছে। এ ছাড়া ভাঙনকবলিত এলাকার এসব লোকজন ভাঙন আতঙ্কে এখন নির্ঘুম রাত কাটাচ্ছে। ভাঙনের হাত থেকে রক্ষায় বাড়িঘর, আসবাব ও গবাদিপশুসহ মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে লোকজন। ভাঙন প্রতিরোধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয় ব্যক্তিরা।
প্রতিবছর ধলেশ্বরী নদীর ভাঙনে মোকনা ইউনিয়নের কেদারপুর আগদিঘুলিয়ার বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়লেও ভাঙন প্রতিরোধে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের। সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় দেখা যায়, আগদিঘুলিয়া গ্রামে ধলেশ্বরী নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভাঙনকবলিত এলাকার কয়েক শ একর আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত ব্যক্তিদের দুর্ভোগের শেষ নেই। গোবিন্দপুর, ঘুনি পংবরটিয়া, মোকনা, কেদারপুর এলাকাও হুমকির মধ্যে রয়েছে। এসব এলাকার মানুষ তড়িঘড়ি করে সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি।
মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান খান বলেন, গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আগদিঘুলিয়া বাজার, একটি স্কুল, চারটি মন্দির, একটি শ্মশান এবং কয়েক শ একর আবাদি জমি। হুমকির মুখে পড়েছে বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়, কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি পোস্ট অফিসসহ প্রায় দুই শতাধিক পরিবারের বসতবাড়ি। দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে সরকারি-বেসরকারি স্থাপনাসহ প্রায় তিন শতাধিক বসতবাড়ি।
সাধন একাডেমি অ্যান্ড হাইস্কুলের পরিচালক অরুণ চৌধুরী বলেন, ৫৪ শতাংশ জমির ওপর নির্মিত তার শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ নদীগর্ভে চলে গেছে। এতে তাঁর প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। আগদিঘুলিয়া বাজারের ব্যবসায়ী আনন্দ সাহা জানান, তার চারটি দোকান, বসতবাড়ি নদীতে বিলীন হওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। আগদিঘুলিয়া গ্রামের কানাই মণ্ডল, সুবল মণ্ডল, রতন মণ্ডল, অন্তর মণ্ডল, বংশী সাহা, নারায়ণ সাহা ও হুটু শেখ ক্ষোভ প্রকাশ করে জানান, তাঁরা ঘরবাড়ি, আবাদি জমি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এখন পর্যন্ত সরকারি এমনকি বেসরকারি কোনো সাহায্য-সহযোগিতা তাঁরা পাননি।

এদিকে ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল শুক্রবার মোকনা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
নাগরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কান্তি চক্রবর্তী বলেন, চলতি মাসের সমন্বয় সভায় এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাজাহান সিরাজ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাঙনের বিষয়টি জানানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।