নাফ নদীর পাড়ে মৃত হাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আজ সোমবার দুপুরের দিকে একটি মৃত হাতি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের মোচনি বন বিট ও উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া-সংলগ্ন নাফ নদী থেকে হাতিটি উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটি উঁচু পাহাড় থেকে পড়ে মারা গেছে এবং ভারী বর্ষণে পাহাড়ি ঢলে পড়ে ভেসে আসে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে এটি ভেসে এসেছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, টেকনাফ শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার এবং হ্নীলা বাসস্টেশন বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নাফ নদীর পাড়ে হাতিটি ভেসে আসে। এটি মিয়ানমার থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, স্থানীয় পাহাড় থেকে ওই এলাকায় হাতিটি যাওয়ার কোনো পথ নেই।
আজ বেলা দুইটার দিকে হ্নীলার নাটমোরাপাড়ার সামান্য দূরে নাফ নদীতে মৃত অবস্থায় স্থানীয় লোকজন একটি হাতি দেখতে পান। পরে বন বিভাগের লোকজন এসে মৃত হাতিটি উদ্ধার করেন।
বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব প্রথম আলোকে বলেন, হাতিটি পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের পশু চিকিৎসক এসে হাতিটির ময়নাতদন্ত করার পর পুঁতে ফেলা হবে। ভেসে আসা হাতিটি দু-তিন দিন আগের হওয়ায় পচন ধরেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) হাতিটি ময়নাতদন্ত করা হয়নি।