
লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ট্রেইল ধরে হাঁটছি। বেলা দুপুর, রোদের বেশ তেজ। প্রায় এক কিলোমিটার হাঁটার পর রোদ ঝলমলে কিন্তু অপেক্ষাকৃত শীতল একটি স্থানে এসে থামলাম। হঠাৎ নাকের ওপর দিয়ে একটা কিছু উড়ে যেতে দেখলাম। পাশের নিচু ঝোপটায় গিয়ে বসল। এরপর পাতার নিচের দিকে গিয়ে লুকাল। অল্পক্ষণ পরেই নিচ থেকে বেরিয়ে এসে পাতার ওপর বসল। বেশ সুন্দর লাগছিল। দেরি না করে খানিকটা দূর থেকেই ক্লিক করলাম।
২৩ ডিসেম্বর ২০১৫-তে আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সেই জায়গাটার সামনে দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই মার্চের সেই রঙিন ডানার বন্ধুদের সঙ্গে ফের দেখা। তবে এবার সংখ্যায় দুজন। কিন্তু ওদের দেহের রঙে তেমন একটা চাকচিক্য নেই, যেমনটা ছিল মার্চে।
এতক্ষণ যার কথা বললাম, সে এ দেশের এক বিরল প্রজাতির প্রজাপতি মণিমালা (Popinjay)। Nymphalidae পরিবারভুক্ত প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম stibochiona nicea।
মণিমালা মাঝারি আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় ডানা ৬০-৮০ মিলিমিটার (৬-৮ সেন্টিমিটার)। পুরুষের দেহের ওপরটা মখমল কালো, স্ত্রীরটা গাঢ় সবুজ। সামনের ডানার ওপরের অংশের রং গাঢ় বাদামি ও ডানার কিনারায় মালার মতো সাজানো দুই সারি সাদা ফোঁটা। সামনের ডানার নিচটাও দেখতে ওপরের মতোই, তবে ডানার মাঝামাঝি কিছু ফোঁটা থাকে। পেছনের ডানার ওপরটা গাঢ় বাদামি। ডানার কিনারা নীল ও সাদা এবং কালো ফোঁটার সারি মালার মতো সাজানো থাকে। পেছনের ডানার নিচটাও গাঢ় বাদামি।
মণিমালা সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। জানামতে, এ দেশে এ পর্যন্ত মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে দেখা গেছে। এরা পাহাড়ের ২ হাজার ৫০০ মিটার উচ্চতায় বাস করতে পারে। বেশ দ্রুত ওড়ে। এপ্রিল-জুন ও আগস্ট-ডিসেম্বর ওড়াউড়ির উপযুক্ত সময়। ঘন বৃক্ষের এলাকা এবং বনের ধার ও উন্মুক্ত স্থান, যেখানে যথেষ্ট পরিমাণে ঝোপঝাড় বা গুল্ম ও পানি রয়েছে, সেখানে বেশি দেখা যায়। সাধারণত একই এলাকায় অল্প কয়েকটি একসঙ্গে থাকে। নিচু ঝোপঝাড়ে বা স্যাঁতসেঁতে জায়গায় ডানা মেলে বসে থাকে। ভয় পেলে বা বিরক্ত হলে দ্রুত উড়ে চলে যায় ও পাতার উল্টো দিকে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর ফিরে আসে।
এ দেশে এখনো এদের প্রজনন ও জীবনচক্র সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে হিমালয়ে এরা জুলাই মাসে প্রজনন করে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পর্যন্ত এদের বিচরণ দৃশ্যমান।