নালার কাজ অসমাপ্ত, দুর্ভোগে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার জলাবদ্ধতা নিরসনে সড়কের মাঝখানেই নালা নির্মাণ করা হয়। কিন্তু ৩০০ ফুট নালার ওপর স্ল্যাব বসানো হয়নি। প্রায় ছয় মাস ধরে নালাটি এ অবস্থায় ফেলে রাখা হয়েছে। বিকল্প রাস্তা না থাকায় সরু পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। এতে তাঁরা দুর্ভোগে পড়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের অবহেলার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের। এই নালার অবস্থান চট্টগ্রাম নগরের চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেনে। এই এলাকায় বাস করে প্রায় ৭০০ পরিবার। এ ছাড়া এই এলাকায় ব্যবসা করেন শতাধিক ব্যবসায়ী।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘নালার ওপর স্ল্যাব নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। স্থানীয় কিছু সমস্যার কারণে এত দিন কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করা হবে। তখন এলাকাবাসীর আর দুর্ভোগ থাকবে না।’
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, চকবাজারের কাঁচাবাজারের পাশ ঘেঁষে চলে যাওয়া নালার ওপর স্ল্যাব বসানো হয়নি। সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে কাঁচাবাজার ভবন। নতুন ভবন নির্মাণের জন্য টিন দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। ফলে নালার এক পাশ দিয়ে চলার পথ এখন বন্ধ। নালার অপর পাশে মাছ ও মুরগির দোকান। দোকানের সামনের সরু পথ ব্যবহার করে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসী, ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতাদের।
এদিকে স্ল্যাব না থাকায় ব্যবসায়ীরা তাঁদের দোকানের বর্জ্য ফেলছেন নালায়। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আরেকটি অংশে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে খুঁটি ও কাঠ দিয়ে কোনো রকমে চলার পথ নির্মাণ করেছেন।
এলাকার মুরগি বিক্রেতা মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ শামীম ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই রাস্তা দিয়ে হাঁটাও সম্ভব না। ফলে দোকানে ক্রেতারা আসতে পারেন না। করপোরেশনের কাউন্সিলর ও প্রকৌশলীদের অনেকবার বলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি। ক্রেতার অভাবে এখন ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম।’
স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ বলেন, জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য নির্মাণ করা নালাটি এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। স্ল্যাব স্থাপন না করায় বৃষ্টির পানি নালা উপচে এলাকায় ঢুকে পড়ে। এই খোলা নালার কারণে এলাকার শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে সমস্যা হচ্ছে। বিকল্প পথ না থাকায় এলাকার বয়স্ক ও অসুস্থ লোকজনকে হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট পেতে হয়।
করপোরেশন সূত্র জানায়, নালার নির্মাণকাজের জন্য ফেইম মেকার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গত ১৫ জুলাই কার্যাদেশ দেওয়া হলেও এখন পর্যন্ত স্ল্যাবের নির্মাণকাজ শুরু করেনি প্রতিষ্ঠানটি। আগামী ১৫ সেপ্টেম্বর এই কার্যাদেশের মেয়াদ শেষ হবে।
ফেইম মেকারের কর্ণধার ইফতেখারুল আলম বলেন, ‘কিছুদিনের মধ্যে আমরা কাজ শুরু করার প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে বাজারের পাশের নালাটির কাজ শুরু করেছি।’