নালিতাবাড়ীতে ঢলে ৫০০ একরের আমন পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সদ্য রোপণ করা ৫০০ একর আমন ধানের খেত পানির নিচে তলিয়ে গেছে।
এ ছাড়া পাহাড়ি ঢলের পানির সঙ্গে বালু আসায় খালভাঙ্গা ও চেল্লাখালি এলাকায় ৩০-৪০ একর ফসলি জমিতে বালুর আস্তরণ পড়েছে। পানির স্রোতে খালভাঙ্গা এলাকায় বাঁশের ১০০ মিটার দীর্ঘ একটি সাঁকো ভেসে গেছে।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত ৭ জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোগাই নদীর পৌরসভার খালভাঙ্গা এলাকার দুটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়।
গত শুক্র ও শনিবারের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে এসব স্থান দিয়ে প্রবল বেগে পানি ঢুকে খালভাঙ্গা এলাকায় ৩৫০ একর এবং চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে সন্ন্যাসীভিটা এলাকার ১৫০ একর আমন ধানের খেত তলিয়ে গেছে। পানির স্রোতে খালভাঙ্গা এলাকায় পারাপারের একমাত্র বাঁশের সাঁকোটি ভেসে গেছে।
দুই দিন ধরে আবাদি জমি পানিতে তলিয়ে থাকার কারণে এলাকার কৃষকেরা দুশ্চিন্তায় আছেন।
খালভাঙ্গা এলাকার প্রান্তিক কৃষক আলী হোসেন (৫৫) বলেন, ‘আমি ধারদেনা কইরা ৪০ হাজার টেহা দিয়া দুই একর জমি বন্ধক নিছি। ১০ হাজার টেহা খরচ কইরা ওই জমি লাগাইছি। দুই তরফা পানি আইয়া আমার সব শেষ কইরা দিছে। যদি বানডা বানদুনের ব্যবস্থা অইতো, তাইলে এলাকাবাসী কিছুডা রক্ষা পাইতো।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আমন আবাদ করা ৫০০ একর জমি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া, ভোগাই ও চেল্লাখালি নদীতীরবর্তী ৩০-৪০ একর ফসলি জমিতে বালুর আস্তরণ পড়েছে। ধানগাছের কুশি হয়েছে। তিন-চার দিন এই কুশি পানির নিচে থাকলে নষ্ট হয় না। তবে দ্রুত পানি সরে না গেলে ক্ষতি হবে।
পৌরসভার মেয়র আনোয়ার হোসেন জানান, গত ৭ জুলাই পাহাড়ি ঢলে ভোগাই নদীর বাঁধ পাঁচটি স্থানে ভেঙে যায়। ৮০ হাজার টাকা খরচ করে খালভাঙ্গা এলাকায় পারাপারের জন্য একটি সাঁকো দেওয়া হয়েছিল। গত শনিবার রাতে পানির তোড়ে সাঁকোটি ভেসে গেছে। পানি কমলে বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান জানান, পানি কমে গেলে ভেঙে যাওয়া বাঁধের সংস্কার করা হবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।