নালিতাবাড়ীতে বাঁধ ভেঙে ৫০০ একরের ফসলডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে ৫০০ একর বোরো ফসল ডুবে গেছে। ছবিটি গতকাল উত্তর সন্ন্যাসীভিটা এলাকা থেকে তোলা l প্রথম আলো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে ৫০০ একর বোরো ফসল ডুবে গেছে। ছবিটি গতকাল উত্তর সন্ন্যাসীভিটা এলাকা থেকে তোলা l প্রথম আলো

পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর ফসলরক্ষা বাঁধ ভেঙে গতকাল শনিবার ৫০০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে। বাঁধ ভেঙে পানি ঢুকে দেড় শতাধিক বাড়িঘরে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সামিদুল ইসলাম বলেন, আগে থেকেই বাঁধটির ৬৫ ফুট অংশ ভাঙা ছিল। গতকাল শনিবার সকালে পাহাড়ি ঢলের স্রোতে আরও ১০-১২ ফুট ভেঙে গেছে। এই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে আরও ১ হাজার একর খেতের ফসল ডুবে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তাঁরা ভাঙা বাঁধ স্থায়ীভাবে মেরামতের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে চেল্লাখালী সেতুর ওপরে নালিতাবাড়ী-শেরপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), জনপ্রতিনিধি ও কৃষকের সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলে গত ২১ ডিসেম্বর বাঘবেড় ইউনিয়নের উত্তর সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ফসলরক্ষা বাঁধের ৬৫ ফুট অংশ ভেঙে যায়। চার মাসেও ভাঙা অংশ মেরামত না করায় গত বুধবার ঢলের পানি ভাঙা অংশ দিয়ে ঢুকে পড়ে। এতে উত্তর সন্ন্যাসীভিটা এলাকার ৮ একর বোরো ফসল ডুবে যায়। এ সময় প্রায় ১০০ একর পাকা ধানের খেতে জলাবদ্ধতা তৈরি হয়। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোয়ারুল ইসলাম, রাবার ড্যাম প্রকল্পের পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেন। বিএডিসির পক্ষ থেকে ভাঙা অংশে বালুর বস্তা ফেলা হয়। গতকাল সকাল ৯টার দিকে ঢলের স্রোতে বালুর বস্তা ভেসে যায়। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে উত্তর, দক্ষিণ ও পূর্ব সন্ন্যাসীভিটা এলাকায় ৫০০ একর পাকা ধানের খেত পানিতে ডুবে গেছে। এ ছাড়া এসব এলাকায় আরও ১ হাজার একর ফসলের খেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এলাকার কৃষকেরা সকাল ১০টার দিকে বাঁধের ভাঙা অংশ সংস্কারের দাবিতে নালিতাবাড়ী-শেরপুর প্রধান সড়ক অবরোধ করেন। এ সময় চেল্লাখালী সেতুর দুই পাশে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দুপুর ১২টার দিকে কৃষকেরা অবরোধ তুলে নেন।

উত্তর সন্ন্যাসীভিটা গ্রামের জালাল উদ্দিন বলেন, ‘৩০ হাজার টেহা দিয়া দেড় কুর (একর) জমি মেদি (বর্গা) নিছি। আরও ৩০ হাজার টেহা খরচ কইরা ধান করছি। পাঁচ-ছয় দিন পরে ধান কাটার কতা। কিন্তু ভাঙা দিয়া পানি আইয়া খেত ডুইবা গেছে। আমরা বান্দের স্থায়ী ব্যবস্থার লাইগা সড়ক অবরোধ করছি।’

একই গ্রামের গৃহিণী সোহেলী বেগম বলেন, ‘বান্দের ব্যবস্থা না করায় আমরা বিপদের মধ্যে পরছি। অহন ঘরদরে পানি। চুলার মধ্যে পানি উডায় রান্নাবান্না বন্ধ। আমগর বিপদের কথা লেহুন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বাঁধটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসক পরিদর্শন করেছেন। পানি নেমে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে।